জঙ্গি দমনে আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট ও দিল্লির আদলে এবার পশ্চিমবঙ্গেও অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) তৈরির পরিকল্পনা করছে রাজ্য পুলিশ। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এটিএস গঠনের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিকদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, একজন আইজি পদমর্যাদার পুলিশকর্তার নেতৃত্বে তৈরি হতে পারে নতুন এটিএস। তাঁর অধীনে থাকবেন ডিআইজি, এসপি-সহ বিভিন্ন পদমর্যাদার আধিকারিক। এটিএসের মূল দফতর কলকাতা বা তার সংলগ্ন এলাকায় করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জঙ্গি মডিউল ও স্লিপার সেলের উপস্থিতি রয়েছে বা অতীতে ছিল, এমন কয়েকটি জেলাতেও এটিএসের শাখা খোলার পরিকল্পনা করা হচ্ছে।
সূত্রের খবর, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। ওই শাখাগুলির মাধ্যমে জঙ্গি সংগঠনের স্লিপার সেল, নিয়োগ, সীমান্ত পেরিয়ে জঙ্গি নেতাদের গতিবিধি এবং মডিউল তৈরির চেষ্টা সম্পর্কে নজরদারি চালানো হবে।
সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফের হাতে হামিম মণ্ডল ও অর্পিতা সরকার গ্রেফতার হওয়ার পর রাজ্যে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে নতুন করে সতর্কতা বেড়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, বিভিন্ন জঙ্গি সংগঠন রাজ্যে নতুন করে মডিউল বা স্লিপার সেল তৈরি করে নাশকতার ছক কষতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই পৃথক এটিএস তৈরির পরিকল্পনা বলে নবান্ন সূত্রে খবর।
এদিকে, বর্তমানে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পৃথক দু’টি এসটিএফ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দুই বাহিনীকে সংযুক্ত করে একটি অভিন্ন এসটিএফ গড়ে তোলার ভাবনাও রয়েছে। জঙ্গি দমনের পাশাপাশি মাদক সন্ত্রাস, অস্ত্র পাচার এবং সন্ত্রাসে অর্থ জোগানের মতো বিষয়েও নজর রাখবে এই এসটিএফ।