ব্যাংকক থেকে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বিরল প্রজাতির কচ্ছপ পাচারের চেষ্টা ভেস্তে দিল কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তর (কাস্টমস)। ৭ শতাধিক জীবন্ত বিদেশি কচ্ছপ সহ চেন্নাইয়ের এক বাসিন্দাকে আটক করেছেন আধিকারিকরা।
বুধবার ইন্ডিগো বিমান সংস্থার একটি ফ্লাইটে (6E-1058) ব্যাংকক থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন অভিযুক্ত যাত্রী।
গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর বকেয়া লাগেজের ভেতর থেকে অস্বাভাবিক নড়াচড়া ও শব্দ টের পান বিমানবন্দরে কর্মরত শুল্ক দপ্তরের আধিকারিকরা। এতেই গভীর সন্দেহ জাগায় তাঁকে দ্রুত আটক করা হয়। পরবর্তীতে ট্রলি ব্যাগ ও লাগেজ খুলে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের— ব্যাগের ভেতরে গিজগিজ করছিল বিরল প্রজাতির ছোট ছোট কচ্ছপ।
গণনা করে দেখা যায়, ব্যাগে মোট ৭০৭টি জীবন্ত 'রেড-ইয়ার্ড স্লাইডার' প্রজাতির কচ্ছপ রাখা ছিল। এত বিপুল পরিমাণ বন্যপ্রাণী বহন করার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র বা সরকারি লাইসেন্স দেখাতে পারেননি ওই যাত্রী। ফলে কাস্টমস আইন (১৯৬২), ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন (১৯৭২) এবং আন্তর্জাতিক ‘সাইটস’ (CITES) বিধি লঙ্ঘন করার অপরাধে কচ্ছপগুলি বাজেয়াপ্ত করা হয়।
ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ও শুল্ক দপ্তর। এই বিপুল পরিমাণ বিরল কচ্ছপ ব্যাংককের কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কলকাতায় কাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো বড়সড় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।