বিশ্বকাপ জয়ের পর সাফল্যের নতুন অধ্যায় শুরু করল ভারত। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে সেই শুরুর মঞ্চে অবশেষে নিজের জাত চেনাতে সক্ষম ১৫ বছরের বৈভব সূর্যবংশী। এই ম্যাচের আগে যাকে খেলানো নিয়েই নাকি দ্বিধায় ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও টিম ইন্ডিয়ার বিস্ময় বালক নিজেই সম্প্রতি অতীতের ব্যর্থতা ভুলে জিম্বাবুয়ে সফরে নতুন করে শুরু করার কথা বলেছিল সে। বৃহস্পতিবার হারারেতে সেই কথার মর্যাদা রাখল বৈভব। মাত্র ১৯ বলেই ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে গড়ে ফেলল আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের অর্ধশতরানের নজির। অন্যদিকে ৭ উইকেটে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অধিনায়ক আইয়ারও।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে তোলে ১২৫ রান। ভারতীর বোলারদের মধ্যে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ময়ঙ্ক যাদবই ছিলেন সবচেয়ে উজ্জ্বল। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে ধারাবাহিকভাবে বল করে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচের সেরাও তিনিই। যদিও আন্তর্জাতিক অভিষেক হওয়া অশোক শর্মা এ দিন ৪ ওভারে ২৯ রান খরচ করেও উইকেট পাননি।
১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যর্থ অভিষেক শর্মা। ৮ বলে মাত্র ১ রান করে ফিরে যান। এর পরই শুরু বৈভব-ঝড়। অভিষেকে টানা ব্যর্থতার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে দলে জায়গা হয়নি বৈভবের। তবে এই হারারের মাঠেই মাত্র মাস কয়েক আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে ষষ্ঠবারের জন্য শিরোপা এনে দেয় সে। সেদিন যেখানে শেষ করেছিল, এদিন যেন সেখান থেকেই শুরু করে টিম ইন্ডিয়ার কিশোর ব্যাটার। চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে জিম্বাবুয়ের বোলারদের কার্যত অসহায় করে দেয় সে।
আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বৈভবের প্রথম অর্ধশতরান। আর সেই ইনিংসই জায়গা করে নিল ইতিহাসের পাতায়। ১৫ বছর ১১৮ দিন বয়সে টি-টোয়েন্টিতে অর্ধশতরান করে ভেঙে দিল জিব্রাল্টারের লুইস ব্রুসের (১৬ বছর ৫৬ দিন) রেকর্ড। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে এত দিন এই নজির ছিল আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের দখলে। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধেই ১৭ বছর ২৯৬ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন তিনি। বৈভব সেই রেকর্ডও পিছনে ফেলে দিল অনায়াসে।
ছোট লক্ষ্য হওয়ায় শেষ পর্যন্ত জয়ের পথে আর কোনও বাধা আসেনি। ঈশান কিশন ৩৫ রান করে ফিরলেও অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৮*) ও তিলক ভার্মা (৬*) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে পরপর ৬টি টি-টোয়েন্টি হারের পর অবশেষে জয়ের মুখ দেখলেন নতুন অধিনায়ক শ্রেয়স। তবে দিনের শেষে সবটুকু আলোই যেন কেড়ে নিল এক কিশোর।