নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশে ফের বড়সড় রদবদল। শুক্রবার রাতে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে মোট ২৩ জন পুলিশ আধিকারিকের বদলির কথা জানানো হয়েছে। তালিকায় রয়েছেন আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার একাধিক আধিকারিক। কলকাতা পুলিশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও এসেছে পরিবর্তন।
বদলির তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ। তাঁকে উত্তরবঙ্গের আইজি, আইবি পদে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি করা হয়েছে। অন্য দিকে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে আসছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। এত দিন তিনি রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজিপি পদে ছিলেন। ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার পদে দায়িত্ব পাচ্ছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। তিনি এর আগে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে ছিলেন।
নিরাপত্তা বিভাগেও পরিবর্তন হয়েছে। আইপিএস সুখেন্দু হীরা, যিনি এত দিন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) ছিলেন, তাঁকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) করা হয়েছে।
এ ছাড়াও আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। তিনি আগে এসসিআরবি-র আইজিপি পদে ছিলেন। অন্য দিকে, হোমগার্ডের আইজি পদে থাকা আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তীকে এসসিআরবি-র আইজিপি করা হয়েছে।
রাজ্য পুলিশের এই রদবদলের ফলে কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখায় নেতৃত্বের স্তরে পরিবর্তন এল। বিশেষ করে অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিক, নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নতুন দায়িত্ব বণ্টন ঘিরে প্রশাসনিক মহলে নজর রয়েছে। চলতি বছরে পশ্চিমবঙ্গ পুলিশে এর আগেও একাধিক দফায় বড়সড় বদলি হয়েছে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলিগুলি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কবে থেকে সংশ্লিষ্ট পদে যোগ দেবেন, তা বিজ্ঞপ্তির কার্যকরী নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে।