বিশ্বকাপের মহারণের আগে নতুন চিন্তা ফুটবল নয়, বাতাস। আগামী রবিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু তার আগে কানাডার দাবানলের ধোঁয়ায় কার্যত ঢেকে গিয়েছে নিউ ইয়র্ক। বাতাসের মানের দ্রুত অবনতি হওয়ায় ফুটবলার থেকে সমর্থক— সকলের স্বাস্থ্য নিয়েই বাড়ছে উদ্বেগ।
কানাডার শতাধিক এলাকায় এখনও দাবানল জ্বলছে। সেখান থেকেই ধোঁয়ার বিশাল স্তর ভেসে এসে ঢেকে ফেলেছে নিউ ইয়র্কের আকাশ। শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে গিয়েছে। আকাশের রং কমলা হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।
সেমিফাইনালের পর নিউ ইয়র্কে পৌঁছে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে স্পেন। ধোঁয়াশার মধ্যেই তারা অনুশীলনও করেছে। যদিও স্পেন শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনও ফুটবলারের শারীরিক সমস্যার কথা জানানো হয়নি। অনুশীলনেও খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে। অন্য দিকে আর্জেন্টিনা এখনও টেক্সাসে রয়েছে। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে পৌঁছনোর কথা তাদের। শুক্রবার প্রথম বার অনুশীলনে নামবেন মেসিরা।
ফাইনাল শুরু হবে রবিবার দুপুর ৩টেয়। তার আগে শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিউ ইয়র্কে। আবহাওয়াবিদদের আশা, সেই বৃষ্টি দূষিত বাতাস কিছুটা পরিষ্কার করতে পারে। তবে তার আগে পর্যন্ত পরিস্থিতি কতটা বদলাবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ফাইনালের মতো উচ্চ তীব্রতার ম্যাচে বাতাসের মান বড় ভূমিকা নিতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, ‘‘আজ বিশ্বকাপের সবচেয়ে খারাপ দিন হতে চলেছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে শুধু অ্যাজ়মা বা হৃদ্রোগীদেরই নয়, যে কারও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রত্যেক নিউ ইয়র্কবাসীর সতর্ক থাকা প্রয়োজন।’’ তাঁর এই বার্তা বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া উদ্বেগকেই আরও স্পষ্ট করেছে।
বিশ্বকাপের ফাইনাল মানেই উৎসবের আবহ। কিন্তু এ বার সেই উৎসবের মঞ্চেই অনাহূত অতিথি হয়ে হাজির হয়েছে ধোঁয়া আর দূষণ। কোটি কোটি দর্শকের নজর থাকবে স্পেন-আর্জেন্টিনার লড়াইয়ে। তবে ম্যাচ শুরুর আগে আয়োজকদের কাছে সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড় ও দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।




