ফুটবল বিশ্বের কিংবদন্তি দিয়েগো মারাদোনা আজ আর নেই। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রায় আট বছর আগে করা তাঁর একটি ভবিষ্যদ্বাণী তাঁকে আবারও এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপের বর্তমান ছবি দেখে অনেক ফুটবলপ্রেমীই দাবি করছেন যে, মারাদোনার আশঙ্কার বড় অংশই যেন বাস্তবায়িত হতে শুরু করেছে।
২০১৮ সালে যখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাকে যৌথভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তখনই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মারাদোনা। তাঁর অভিযোগ ছিল, আমেরিকায় ফুটবলকে খেলার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বাণিজ্যিক পণ্যে পরিণত করার ক্ষেত্রে। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন, অতিরিক্ত বিজ্ঞাপনের লোভে একদিন হয়তো ফুটবলের চিরাচরিত ৪৫ মিনিটের দুটি অর্ধ বদলে ২৫ মিনিটের চারটি কোয়ার্টারে ম্যাচ আয়োজন করা হবে। তখন অনেকেই তাঁর এই মন্তব্যকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ২০২৬ বিশ্বকাপে নতুন কিছু নিয়ম এবং সম্প্রচার পদ্ধতি ঘিরে সেই মন্তব্যই আবার সামনে চলে এসেছে।
চলতি বিশ্বকাপে তীব্র গরমের কারণে ফিফা নির্দিষ্ট সময় পর ‘হাইড্রেশন ব্রেক’ বা জলপানের বিরতির ব্যবস্থা করেছে। এই বিরতির মূল উদ্দেশ্য ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষা হলেও, সম্প্রচারের সময় এই বিরতিকে ঘিরে বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে যাওয়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে।
বিশ্বকাপ সম্প্রচারকারী মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলি এই জলপানের বিরতির সময় দীর্ঘ বিজ্ঞাপন প্রচার করছে। ফলে মাঠের কৌশলগত বিশ্লেষণ বা খেলার দৃশ্যের বদলে দর্শকদের সামনে ভেসে উঠছে একের পর এক বাণিজ্যিক বিজ্ঞাপন। সমালোচকদের দাবি, এই অতিরিক্ত বিজ্ঞাপন সম্প্রচারের মাধ্যমে বিপুল অঙ্কের আয় করছে সম্প্রচারকারী সংস্থাগুলি।
এই পরিস্থিতির পর থেকেই সমাজমাধ্যমে আবার ভাইরাল হয়েছে মারাদোনার পুরানো একটি সাক্ষাৎকার। বহু ফুটবলপ্রেমী মনে করছেন, ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ নিয়ে বহু আগেই সতর্ক করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁদের মতে, আজকের পরিস্থিতি সেই আশঙ্কাকেই অনেকাংশে বাস্তবে পরিণত করেছে। সব মিলিয়ে, মারাদোনা আজ না থাকলেও ফুটবলকে ঘিরে তাঁর দূরদর্শী মন্তব্য আবারও নতুন করে আলোচনায়।




