দুপুরে বা রাতে খাওয়ার পর একটু মিষ্টি না হলে মন ভরে না? আবার বেশি ক্যালোরি বা চিনি নিয়ে চিন্তাও রয়েছে? আবার অনেকের ব্রাউনির নাম শুনলে জিভে জল চলে আসে। কিন্তু ময়দা, মাখন, চিনি আর চকোলেটের মতো উপকরণ থাকায় অনেকেই ইচ্ছে থাকলেও ব্রাউনি খেতে চান না। তাহলে বাড়িতেই তৈরি করে দেখতে পারেন খেজুর, আখরোট ও সিড দিয়ে তৈরি এই ওয়ালনাট ব্রাউনি। খুব অল্প সময়ে তৈরি হয় এই মিষ্টি। কয়েকটি উপকরণ একসঙ্গে মিশিয়েই দ্রুত তৈরি করা যায় এই ডেজার্ট। এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে মেডজুল খেজুর, আখরোট, বিভিন্ন ধরনের সিড, ডার্ক চকোলেট বা কোকো পাউডার এবং প্রোটিন পাউডার।
বিশেষজ্ঞদের মতে, আমাদের দুপুর বা রাতের খাবারে সাধারণত কিছু কার্বোহাইড্রেট থাকে। যা রক্তে ইনস্যুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে আরও কার্বোহাইড্রেট খাওয়ার ইচ্ছা হয়। রেসিপিটি জনপ্রিয় হয়েছে মূলত এর দ্রুত প্রস্তুতি এবং তুলনামূলক বেশি প্রোটিনের কারণে।
কীভাবে বানাবেন
প্রথমে খেজুরের বীজ ছাড়িয়ে নিতে হবে। তার সঙ্গে যোগ করতে হবে আখরোট এবং ভাজা মিক্সড সিড। কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ কিংবা মেলন সিড ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে প্রোটিন পাউডার এবং ডার্ক চকোলেট অথবা কোকো পাউডার দিয়ে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি খুব শুকনো হয়ে গেলে আরও সামান্য খেজুর যোগ করা যেতে পারে। লক্ষ্য রাখতে হবে, তৈরি মিশ্রণটি যেন নরম এবং আঠালো হয়। এবার সেটিকে একটি পাত্রে নিয়ে চেপে চেপে ব্রাউনির মতো আকার দিতে হবে।
এরপর ব্রাউনির উপরে গলানো ডার্ক চকোলেট ছড়িয়ে দেওয়া যায়। স্বাদ এবং সাজানোর জন্য পেস্তা কুচিও ব্যবহার করা যেতে পারে। চকোলেটের স্তর কিছুটা জমে গেলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন। এই রেসিপির ক্ষেত্রে ব্রাউনি তৈরির মতো ময়দা মিশিয়ে ব্যাটার বানানো বা দীর্ঘক্ষণ ওভেনে রাখার প্রয়োজন নেই। খেজুর মিশ্রণটিকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে, অন্যদিকে আখরোট ও সিড যোগ করে বাদামি স্বাদ এবং টেক্সচার। মিষ্টির স্বাদ উপভোগ করতে চাইলে এই সহজ ডেজার্টটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি, চকোলেট খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দেখতেই যেমন দুর্দান্ত, খেতেও তেমন অসাধরণ।
