শান্তিপুর, নিউজ ডেস্ক: ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। কিন্তু এখনো কাটেনি একাধিক প্রশ্নের জট। কিভাবে ঘটল এই ঘটনা, কারা এর নেপথ্যে এবং অপরাধের পিছনে ঠিক কি কারণ ছিল, তারই উত্তর খুঁজতে এবার তদন্তে যুক্ত হল বিশেষজ্ঞ দল। ঘটনাস্থলে শুরু হয়েছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা।
শান্তিপুর ফুলিয়ায় মহিলার হত্যার ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। ঘটনাস্থল পরিদর্শনে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করতে শান্তিপুরে পৌঁছেছে ফোরেনসিক দল। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ফরেনসিক নমুনার ফলাফল তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাংসদ জগন্নাথ সরকার জানান, মৃত মহিলার ময়নাতদন্তের জন্য তিনি নিজে উদ্যোগী হয়ে কল্যাণী এইমস (AIIMS) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।
সংসদের বক্তব্য, ঘটনার নেপথ্যে তীব্র নির্যাতন ও নির্দিষ্ট কোনও গভীর কারণ রয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তাঁর দাবি, এই ঘটনার পেছনে আশপাশের পরিচিত কেউ যুক্ত না থাকলে এমন ঘটনা ঘটা অসম্ভব। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে ধরে যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায়, সেই কারণেই এমস থেকে ময়নাতদন্তের রিপোর্টের কথা বলা হয়েছিল। সেই রিপোর্টের উপর ভিত্তি করে নিখুঁত তদন্তের লক্ষ্যেই ফোরেনসিক দল শান্তিপুরে এসে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে সাংসদ মন্তব্য করেন, পুলিশ বর্তমানে সক্রিয়ভাবে তদন্ত করছে। একইসঙ্গে, তিনি জানান অভিযুক্ত যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তদন্তে তাঁর পরিচয় যেন বাধা হয়ে না দাঁড়ায়। তাঁর বক্তব্য, ঘটনায় যদি বিজেপি কোনও কর্মী জড়িত থাকার প্রমাণ মিলে তাহলে তাঁর বিরুদ্ধেও একইভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। এখন, ময়না তদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফল তদন্তকে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর।