কলকাতা, কেয়া মণ্ডল:মুখ্যমন্ত্রীর দফতরের নাম করে কলকাতার গোল্ডেন পার্ক হোটেলে তোলাবাজির চেষ্টার অভিযোগ। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন হোটেলের কর্ণধার ভূপিন্দর সিং গুজরাল। গত ১২ অগস্ট লেখা ওই চিঠিতে ৩১ জুলাইয়ের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।
চিঠিতে হোটেল কর্তৃপক্ষের দাবি, গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৩টে নাগাদ তিন ব্যক্তি গোল্ডেন পার্ক হোটেলে আসেন। তাঁদের মধ্যে দু’জন নিজেদের নিতাই কুমার শীল এবং রাজেশ সিং বলে পরিচয় দেন। তৃতীয় ব্যক্তি নিজের নাম জানাননি। তাঁরা নিজেদের মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী বলে দাবি করেন এবং একটি ফাইল সঙ্গে নিয়ে এসেছিলেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানান। তাঁদের দাবি ছিল, হোটেলের বিভিন্ন নথি যাচাই করা হবে। পাশাপাশি তাঁরা স্পষ্ট করে জানান, হোটেলের মালিক ভূপিন্দর সিং গুজরালের সঙ্গেই তাঁরা কথা বলতে চান।
সেই সময় মালিক হোটেলে উপস্থিত না থাকায় রিসেপশন কর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। চিঠি অনুযায়ী, ওই তিন ব্যক্তি WB-23G-1664 নম্বরের একটি গাড়িতে করে হোটেলে এসেছিলেন। গাড়িটিতে ‘Government of India’ লেখা স্টিকার এবং নীল বাতি ছিল বলে দাবি করা হয়েছে। গাড়িটির ছবি এবং হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়া ওই তিন ব্যক্তির ছবিও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
অভিযোগ, হোটেলের নথিপত্র দেখতে চাওয়ার পাশাপাশি তাঁরা কর্মীদের কাছে হোটেল কীভাবে পরিচালিত হয় এবং রাত ১২টার পর পরিষেবা কীভাবে চলে, সে বিষয়েও বিস্তারিত জানতে চান। এরপর নিতাই কুমার শীল হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তিনি স্থানীয় থানার পুলিশ এবং আবগারি দফতরেও হোটেল সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে দাবি। পাশাপাশি কয়েক দিনের মধ্যে দেখা করার জন্য গুজরালকে অনুরোধ করেন। ১১ অগস্ট নিজাম প্যালেসে দেখা করার কথা থাকলেও শেষ পর্যন্ত একাধিকবার সময় পরিবর্তন এবং বাতিলের ঘটনা ঘটে।
এই পুরো ঘটনায় ওই ব্যক্তিদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন হোটেল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর দফতরের নাম ব্যবহার করে তোলাবাজির চেষ্টা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের অনুমোদিত নথি থাকলে তা সরাসরি দেখানোর জন্য সাক্ষাতেরও আবেদন জানিয়েছেন হোটেল কর্ণধার।