আজ বাদে কাল রথ উৎসব। তার আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার, নবান্ন থেকে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘বর্তমান সরকার ঐতিহ্য ও উন্নয়নকে নিয়ে এগোতে চায়। ঐতিহ্যবাহী রথগুলি মেরামত-সংরক্ষণের প্রয়োজন আছে। দশকের পর দশক পুরনো রথযাত্রাগুলিকে অনুদান দেওয়া হবে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের কর্তব্য।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ একসময় সাংস্কৃতিক রাজধানী ছাড়াও আধ্যাত্মিক পিঠস্থানও ছিল।
শত শত বছরের পুরনো রথযাত্রা আছে। যারা আমাদের ঐতিহ্য, মিলন ক্ষেত্রে রূপ নেয়। এবার এই রথযাত্রায় সক্রিয় ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ৭৫টি রথযাত্রাতে সেবাকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। নূন্যতম পরিষেবা দেওয়া হবে এতে। ৬০টি রথযাত্রাকে আজ ৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম বছর তালিকা তৈরিতে কোনও ভুল থাকলে ক্ষমা করবেন। আগামী দিনে আপনারা জেলাশাসকদের জানান। আগামী দিনে ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।’