নিউজ ডেস্ক : সাধারণ দিনের মতোই চলছিল পথ ঘাটের কাজকর্ম। কিন্তু, আচমকাই এমন এক দৃষ্ট ধরা পড়ল, যা দেখে স্বাভাবিকভাবেই চোখ কপালে ওঠার জোগাড়। রাস্তার উপরে এগিয়ে চলেছে এক বিশাল সরীসৃপ। প্রথমে বিষয়টি দেখে অনেকেই অবাক হয়ে যান। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ঘিরে ছড়িয়ে পড়ে কৌতুহল। কিভাবে লোকালয়ের রাস্তার ওপর এসে হাজির হলো এই প্রাণী? ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় চঞ্চল্য।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকার। সেখানে রাস্তার ওপর দিয়ে একটি কুমিরকে হেঁটে যেতে দেখা যায়। কুমিরটির রাস্তা পার হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। জনবহুল রাস্তার ওপর এভাবে কুমিরের উপস্থিতি স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে।
তবে, কুমিরটিকে ঘিরে আতঙ্ক ছড়ানোর আগেই খবর পৌঁছই বন দফতরের কাছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পাথরপ্রতিমা বন দফতরের কর্মীরা। পরিস্থিতি বুঝে তাঁরা উদ্ধার কাজ শুরু করেন। তৎপরতার সঙ্গে তাঁরা কুমিরটিকে উদ্ধার করে নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে যান। ফলে আপাতত স্বস্তি ফিরেছে এলাকায়।
বন দফতরের সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কুমিরের শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে। স্বাস্থ্য পরীক্ষা করার পর সেটিকে উপযুক্ত নদীতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কুমিরটি ঠিক কোথা থেকে ওই এলাকায় চলে এসেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সুন্দরবন সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নদী ও জলাভূমির উপস্থিতির কারণে বন্যপ্রাণীর আনাগোনা তেমন নতুন কিছু নয়। তবে, জনবহুল পূর্ন রাস্তার উপরে কুমিরের এমন উপস্থিতি সাধারণ মানুষের কাছে নিঃসন্দেহে বিরল অভিজ্ঞতা। এই ঘটনায় বন দফতরের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদের আশঙ্কা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে কৌতুহল বাড়লেও, বন্যপ্রাণী দেখতে গিয়ে তার কাছে ভিড় না করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন দফতরকে খবর দেওয়াই সবচেয়ে জরুরী।




