এবার থেকে ১৪ অগাস্ট কন্যারত্ন দিবস হিসেবে পালন করা হবে। শুক্রবার ধনধান্য অডিটোরিয়াম থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, রাজ্যে মেয়েদের জন্য ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-সহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে।
এদিন ধনধান্য অডিটোরিয়াম থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘কন্যারত্ন’ উদ্যোগে একদিনেই ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠাবে রাজ্য সরকার। এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বছরে ১০০০ টাকার বদলে পাবে ২০০০ টাকা। আপাতত চলতি বছর তা হাজার টাকা করেই মিলবে। মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই অর্থ পাবে। রাজ্য সরকারের তরফে তাদের জন্য বরাদ্দকৃত ৪০০ কোটি টাকাই দিয়ে দেওয়া হল। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে কন্যাদের জন্য স্কলারশিপের পরিমাণ দ্বিগুণ করছে রাজ্য সরকার।
অন্যদিকে, 'কন্যারত্ন দিবস'উপলক্ষে চালু করা হয়েছে নতুন হেল্পলাইন নম্বরও। ১৮১ নম্বরে ফোন করে মেয়েদের জন্য চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়াদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু থাকবে। জাতীয় স্তরের পরীক্ষায় সাফল্য পাওয়া এবং বিদেশে পড়াশোনার সুযোগ পাওয়া পড়ুয়াদের জন্যও নতুন তহবিল তৈরি করা হয়েছে।




