একদিকে পড়শি রাজ্য ঝাড়খন্ড এবং অন্যদিকে বাংলা মাঝে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। এবং অন্যদিকে বয়ে চলেছে সাপই নদী। এই দুই নদীর সঙ্গমস্থলে নেই পাকাপোক্ত সেতু। যার ফলে সমস্যায় পড়েছেন দুই পাড়ের মানুষজন। ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে এবং স্থানীয় প্রয়োজনে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের মানুষ একে অপরের রাজ্যের উপর নির্ভরশীল। আর পাকাপোক্ত সেতুর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলীন ব্রজপুর রাস্তার কেরুয়ারি গ্রাম সংলগ্ন সুবর্ণরেখা নদীর সাথে সাপই নদীর মিলনক্ষেত্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই তুলিন হয়ে ঝাড়খণ্ডের রাঁচি অন্যদিকে ব্রজপুর হয়ে ঝাড়খণ্ডের রামগড় ও রাজারাপ্পার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই পথ।
বাসিন্দাদের অভিযোগ, পাকাপোক্ত সেতু না থাকায় তাদের প্রায় ১২ কিলোমিটার ঘুর পথে ঝালদা হয়ে তুলিন হয়ে রাঁচি যেতে হয়। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হয় সকলকে। ভোটের সময় নেতারা আসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট পেরোলে সমস্যার সমাধান হয় না।
তবে এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে বাগমুন্ডি বিধানসভার বিধায়ক রহিদাস মাহাতো বলেন, গত সরকারের সময়ে এই বিষয়ে আবেদন রাখা হয়েছিল তবে সুরাহা মেলেনি। বর্তমান সরকার এর স্থায়ী সমাধান করবে। একদিকে ঝাড়খন্ড অন্যদিকে বাংলা মাঝে এই পথ বেশ তাৎপর্যপূর্ণ। নয়তো সাধারণ মানুষকে ঘুর পথে যাতায়াত করতে হয়। স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সকলে।