পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক ঘন্টা আগে টিউশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভোরের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবারের লোকজনও ভাবেনি এই বেরিয়ে যাওয়াই শেষ দেখা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর বাড়ির পিছনের একটি ঘর থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ এবং তাতেই মুহূর্তের মধ্যে বদলে যায় সকালের ছবি।
ঘটনাটি পুরুলিয়া-১ ব্লকের বেলকুড়ি গ্রামের। স্থানীয় বেলকুড়ি গ্রামের হাইস্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ ওই ছাত্রীকে খুন করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় । ঘটনার তদন্তে নেমেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই ছাত্রীর টিউশনে যাওয়ার কথা ছিল। তার আগে ভোরবেলাতে প্রাকৃতিক প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে ছিল সে। এরপর দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এবং শুরু হয় খোঁজাখুঁজি।
পরিবারের দাবি, বাড়ির পিছনে থাকা একটি ঘরে গিয়ে ওই ছাত্রীর মৃতদেহ খুঁজে পান তাঁরা। গলায় ওড়না ফাঁস অবস্থায় দেহটি পড়েছিল বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরুলিয়া মফস্বল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবারের দাবি, ঘটনাটি আত্মহত্যা নয়। তাঁদের সন্দেহ খুনের পরে দেহে ফাঁস লাগানো হয়ে থাকতে পারে। সম্প্রতি, গ্রামেরই এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে পরিবারের তরফে জানানো হয়েছে। সেই সম্পর্কের সঙ্গে এই মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে, পরিবারের অভিযোগই এখনও পর্যন্ত চূড়ান্ত প্রমাণ নয়। পুলিশ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে । ঘটনাস্থলের পরিস্থিতি, মৃতার গতিবিধি এবং ঘটনার আগে তার সঙ্গে কারোর যোগাযোগ হয়েছিল কি না, এইসব বিষয়ে তদন্তের আওতায় রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে না। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও ঘটনা, সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ। ফলে, রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পর রহস্যের জট খুলতে পারে বলে মনে করা হচ্ছে।