শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠিক কি কারনে এত মানুষকে দফতরের সামনে আসতে হল, কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় সেই কারণ।
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের বিক্ষোভে সরব হলেন উপভোক্তা মহিলারা। তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্পের নিয়ম মেনে আবেদন করার পরেও নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। অথচ এখনো তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এই অভিযোগকে সামনে রেখে সোমবার শিলিগুড়ি SDO দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু মহিলা। বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা পাওয়ার আশায় তাঁরা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে আবেদন করেছিলেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অপেক্ষা করেছিলেন নির্ধারিত সময় পর্যন্ত। কিন্তু, সময় পেরিয়ে গেল টাকা না মেলায় তাঁদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।
কয়েকজন উপভোক্তাদের অভিযোগ তাদের আবেদন স্ট্যাটাসে 'অ্যাপ্রুভ' দেখাচ্ছে। তা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। সমস্যা জানতে দফতরে যোগাযোগ করলে বারবার অফিসে আসার কথা বলা হচ্ছে। কোথাও আবার নতুন ফর্ম পূরণ করার কথাও বলা হয়েছে বলে অভিযোগ তাঁদের। তাঁদের বক্তব্য, অধিকাংশ সাধারণ পরিবারের মহিলারা। প্রতিদিন কাজকর্ম পেলে সরকারি দফতরে খোঁজখবর নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। ফলে, টাকা পাওয়ার আশায় একাধিকবার দফতরে এসে সমস্যার সমাধান না হওয়ায় তাঁদের ভোগান্তি আরও বাড়ছে।
উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে শিলিগুড়িতে বিক্ষোভ দেখিয়েছিলেন উপভোক্তারা। সোমবার ফের SDO দফতরের সামনে জড়ো হয়ে সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা। কেন টাকা আটকে রয়েছে সেবিষয়ে প্রশাসনের তরফে স্পষ্ট ব্যাখ্যা এবং প্রাপ্য অর্থ দ্রুত মেটানোর দাবি ওঠে। এদিন, এই বিক্ষোভকে কেন্দ্র করে দফতরের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন প্রশাসনের তরফে এই অভিযোগের পর কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর বিক্ষোভকারী উপভোক্তাদের।