কলকাতা, পিউ নন্দী: ষাট পেরিয়ে পঁচিশের তরতাজা তরুণ!আশুতোষের ছবিতে ফের অভিনেতার অবিশ্বাস্য রূপবদল। অভিনয়ের প্রয়োজনে নিজের শরীর নিয়ে ভাঙাগড়ার খেলায় বলিউডে তিনি অপ্রতিদ্বন্দ্বী। আর সেই কারণেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের কাছে অসম্ভব বলে যেন কিছু নেই।
বয়স ৬০ পেরিয়েছে ঠিকই, কিন্তু রূপোলি পর্দায় তাঁকে দেখা যাবে মাত্র ২৫ বছরের এক তরতাজা তরুণের চরিত্রে। এই অসাধ্যসাধন করতেই এবার আদাজল খেয়ে নেমে পড়েছেন অভিনেতা। পরিচালক আশুতোষ গোয়ারিকরের নতুন স্পোর্টস ড্রামা ছবি ‘ললকারা’র জন্য আমিরের এই মেগা প্রস্তুতি এখন বলিপাড়ার প্রধান চর্চার বিষয়।
২০০১ সালে অস্কারের মঞ্চ কাঁপানো কালজয়ী ‘লগান’-এর প্রায় দুই দশক পর ফের এক ফ্রেমে ধরা দিচ্ছেন আশুতোষ-আমির জুটি। তবে এবারের চ্যালেঞ্জটা অভিনেতার কাছে আরও কঠিন। ৬১ বছর বয়সে দাঁড়িয়ে নিজের বয়সের চেয়ে প্রায় তিন দশক ছোট একজন চটপটে ক্রীড়াবিদের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে শুরু করেছেন কড়া ডায়েট ও শরীরচর্চা।
এর আগেও বহুবার নিজের শরীরকে চরিত্রের প্রয়োজনে বদলে ফেলেছেন আমির। কখনও ‘গজনি’র টানটান সিক্স প্যাক, কখনও ‘পিকে’র কৃশ গড়ন, আবার কখনও ‘দঙ্গল’-এর জন্য প্রথমে বিপুল মেদ বাড়িয়ে পরে এক ধাক্কায় ওজন কমিয়ে তরুণ মহাবীর সিং ফোগত হওয়া,আমির বারবার প্রমাণ করেছেন নিজের নিষ্ঠা। তবে এবারের লড়াই সম্পূর্ণ অন্য স্তরের, কারণ বয়সের তুলনায় অর্ধেকেরও কম বয়সী যুবকের লুকে তাঁকে বিশ্বাসযোগ্য হতে হবে।
পীযূষ গুপ্ত ও নীরজ সিংহের লেখা ‘ললকারা’ ছবির গল্প আবর্তিত হয়েছে দেশভাগের পটভূমিকায় ভারতীয় ক্রিকেটের শুরুর দিকের এক অজানা অধ্যায়কে ঘিরে। যেখানে খেলার পাশাপাশি দেশপ্রেম, বন্ধুত্ব ও চরম প্রতিযোগিতার আবেগমথিত কাহিনী ফুটে উঠবে।
‘লগান’-এর মতো এই ছবিতেও ক্রিকেটের অনুষঙ্গ থাকলেও পরিচালকের দাবি, গল্পটি সম্পূর্ণ নতুন ধারার। সব মিলিয়ে, পর্দায় ষাটের আমির কীভাবে পঁচিশের তরুণ হয়ে ধরা দেন, তা দেখতে এখন থেকেই দারুণ কৌতূহল তৈরি হয়েছে দর্শক মহলে।