নিউজ ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ইভা মেরি সেন্ট আর আমাদের মধ্যে নেই। মঙ্গলবার অর্থাৎ ৬-ই অক্টোবর লস এঞ্জেলসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। অভিনেত্রীর প্রতিনিধি জেফ স্ট্যান্ডারসন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ‘অন দা ওয়াটারফ্রন্ট’ ও নর্থ বাই নর্থওয়েস্ট এর মত অভিনব কালজয়ী সিনেমায় অভিনয়ের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মনে পাকাপাকি স্থান তৈরি করে নিয়েছিলেন অভিনেত্রী ইভা মেরি সেন্ট। প্রায় ৭ দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য দর্শক ও চিত্র নির্মাতাদের প্রশংসা পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও সফলভাবে অভিনয় করে এসেছেন এই প্রখ্যাত অভিনেত্রী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘এমি অ্যাওয়ার্ডস’ও।
১৯৫৪ সালে মুক্তি পায় ‘অন দা ওয়াটার ফ্রন্ট’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী এবং এই ছবিতেই অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কারের সম্মানিত হন তিনি। এলিয়া কাজান পরিচালিত সিনেমাটিতে মারলন ব্র্যান্ডোর বিপরীতে অভিনয় করেছিলেন সেন্ট। এবং এই সিনেমাটি পরবর্তীতে হলিউড ইতিহাসের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে মর্যাদা পায়। অস্কার পাওয়ার পর একের পর এক বড় ছবির প্রস্তাব এলেও ফিরিয়ে দেন অভিনেত্রী। কোনো স্টুডিওর সাথে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চাননি অভিনেত্রী। ফলে তার ক্যারিয়ারের শুরুতে প্রথম দশ বছরে মাত্র সাতটি ছবিতে অভিনয় করেন তিনি। এমনকি গ্রেগরি পেক, লরেন্স হার্ভে এদের মতন তারকাদের সঙ্গেও কাজের সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন সেন্ট।
১৯৫৯ সালে তার ক্যারিয়ারে যুক্ত হয় আরো এক সিলমোহর। আলফ্রেড হিচককের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্রান্ট এর বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান তিনি। সিনেমাটিতে তার চরিত্র ছিল রহস্যময় একজন মহিলা গুপ্তচরের। স্বনামধন্য পরিচালক অ্যালফ্রেড হিচককের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কে স্মরণ করে পরে সেন্ট জানিয়েছিলেন, চরিত্রটির চুল মেকআপ গয়না ব্যাগ জুতো পোশাক সবকিছুর মাধ্যমে পরিচালক তাকে চরিত্রটি বুঝতে অত্যন্ত সহায়তা করেছিলেন। ১৯৭০ এর দশকে টেলিভিশনেও তিনি নিয়মিত কাজ করতে শুরু করেন ।১৯৮০-র দশকে জনপ্রিয় সিরিজ ‘মুনলাইটিং’ এ সিভিল শেফার্ডে মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে আবার জায়গা করে নেন। ‘নাথিং ইন কমন’ ছবিতে টম হ্যাংকসের মায়ের ভূমিকা তো তাকে দেখা যায়। ১৯৯০-তে ‘পিপল লাইক আস’- মিনিসিরিজের জন্য এমি পুরস্কার পান ইভা মেরি সেন্ট। ‘ওয়ান ম্যান ফ্যামিলি’ তে দু বছর অভিনয় করার পর টেলিভিশনেও তিনি হয়ে ওঠেন এক জনপ্রিয় মুখ।
১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সির নিউ ইয়ারর্ক-এ জন্মগ্রহণ করেন ইভা মেরি সেন্ট। ছোটবেলায় ইভা মায়ের মতন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। পরে নাট্যকলার প্রতি আগ্রহী হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। দীর্ঘ 70 বছরের অভিনয় জীবনে নিজের পছন্দ ও শর্তকেই প্রাধান্য দিয়ে এসেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে তার স্বামী জেফ হেডেনের মৃত্যুর আগে পর্যন্ত তারা ৬৫ বছর একসঙ্গে ছিলেন। ১০২ বছর বয়সে ইভা মেরি সেন্ট-এর মৃত্যুতে শেষ হয়ে গেল হলিউডের এক স্বর্ণযুগের উজ্জ্বলতম অধ্যায়।




