নিউজ ডেস্ক: অবশেষে ধর্মতলার বিধান মার্কেট চত্বরে মেট্রো নির্মাণের জট কাটল। মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। তবে নির্মাণের প্রয়োজনে বাজারের ব্যবসায়ীদের সরানো হলেও তাঁদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, ব্যবসায়ীদের বিকল্প জায়গায় স্থানান্তর করা যেতে পারে। কিন্তু সেই স্থানান্তরকে কোনও ভাবেই স্থায়ী উচ্ছেদ হিসেবে দেখা যাবে না। মেট্রোর কাজ সম্পূর্ণ হওয়ার পর ব্যবসায়ীদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। স্থানান্তরের আগে বিকল্প জায়গায় প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে রাখতে হবে। বিদ্যুৎ, জল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সেখানে নিশ্চিত করার পরেই ব্যবসায়ীদের সরানো যাবে। পুনর্বাসন সংক্রান্ত বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত নিশ্চয়তা দিতে হবে।
জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ ধর্মতলা এলাকা। সেই কাজের জন্য বিধান মার্কেটের জমি প্রয়োজন বলে আদালতে জানানো হয়েছিল। অন্যদিকে ব্যবসায়ীদের বক্তব্য ছিল, দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করছেন। পুনর্বাসনের বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা ছাড়া তাঁদের সরিয়ে দেওয়া হলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হবে।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের আবেদন এবং মেট্রো প্রকল্পের প্রয়োজনীয়তা—দুই দিক বিবেচনা করেই শর্ত আরোপ করেছে আদালত। ফলে একদিকে মেট্রোর নির্মাণকাজ এগোনোর পথ খুলল, অন্যদিকে ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও বাধ্যতামূলক করা হল। আদালতের নির্দেশ মেনে আগামী সাত দিনের মধ্যে দিনে বিধান মার্কেট এলাকায় মেট্রোর কাজ শুরু হবে। বিকল্প জায়গায় ব্যবসায়ীদের স্থানান্তরের আগে সেখানে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।