কলকাতা,অঙ্কন দাস: '১০০ দিনের সরকার কিছুই করেনি।১০০ দিনের সরকার মানে নেগেটিভ ওয়ার্ক। ১৫০০০ তৃণমূল কংগ্রেস কর্মী অ্যারেস্ট করেছে, এটা কাজ। ১০০ গাড়ি ভেঙেছে এটা কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের অন্তত ৫০ জন কে গাড়িতে ইট ছুঁড়েছে - এটা কাজ! চারিদিকে অন্তত ১লক্ষ ডিম ছুঁড়েছে- এটা কাজ! সবাই কে চোর চোর বলছে এটা কাজ? চোর যদি সবথেকে বড় কেউ হয়ে থাকে, তাহলে সে শুভেন্দু অধিকারী।' সাংবাদিক সম্মেলনে নতুন সরকারের ব্যাপারে এই ভাবেই 'ফিডব্যাক' দিলেন কালীঘাট তৃণমূলের 'চিরকালীন বটগাছ' শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে পালাবদলের পালা হয়ে গেছে তিন মাসেরও বেশি সময় হল। এই তিন মাসে বিজেপি তাদের সংগঠন গোছানো এবং প্রশাসনিক ক্ষেত্রে শক্তিবৃদ্ধি করার চেষ্টা করছে। বিজেপি আরও চেষ্টা করছে, তাদের জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরার। এছাড়াও তাদের লক্ষ্য দুর্নীতি দমন এবং জনসংযোগ দ্বারা নিজেদের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ' ১০-র মধ্যে ৯ না পেলে ক্ষমা চাইব।'
ইতিমধ্যে জনগণের জন্য নতুন এই সরকার এনেছেন আয়ূষ প্রকল্প, প্রধানমন্ত্রী বিমা যোজনার মত স্বাস্থ্য সম্বন্ধীয় প্রকল্প। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের মাসে ৩০০০ টাকা দিচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার সাথে পুষ্টি আরও ভালো করে দেওয়ার জন্য ইসকনের অক্ষয়পাত্র প্রকল্পে জুড়েছেন সব স্কুলকে। সীমান্ত রক্ষা এবং আইন প্রণয়নে জোর দিচ্ছেন বারংবার।
কিন্তু, সেকথা বিরোধীদের কানে গেছে তো?




