বিহার, পিউ নন্দী: এবার রিলস বানালেই মিলবে টাকা।চালু নতুন প্রকল্প। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা সরকারের।
সোশ্যাল মিডিয়া এখন কেবল বিনোদনের মাধ্যম নয়, বর্তমান প্রজন্মের অনেকের কাছে উপার্জনের অন্যতম বড় মাধ্যম। এমনকি এখন গৃহবধূরাও এর মাধ্যমে উপার্জন করছেন।
ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কনটেন্ট ও রিলস তৈরি করে স্বনির্ভর হচ্ছেন বহু তরুণ-তরুণী ও গৃহবধূ । এবার সেই কনটেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়িয়ে এক যুগান্তকারী পদক্ষেপ নিল বিহার সরকার। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী ক্রিয়েটরদের প্রতি মাসে আর্থিক প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।
বুধবার, ১৯ অগস্ট মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বমোট ১৩ টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনায় সিলমোহর দেওয়া হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংক্রান্ত সিদ্ধান্তটি। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 'বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬' নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন এনে এই নতুন প্রকল্প কার্যকর করা হবে।
নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে যে, রাজ্য সরকারের এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য ক্রিয়েটরদের প্রথমে তথ্য ও জনসংযোগ বিভাগের কাছে নিবন্ধিত বা এমপ্যানেল্ড হতে হবে।
1. নথিভুক্ত কনটেন্ট ক্রিয়েটররা বিহার সরকারের বিভিন্ন প্রকল্প, স্কিম ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে শিক্ষামূলক ও তথ্যভিত্তিক ভিডিও তৈরি করবেন।
2. ভিডিও প্রকাশের পর প্রতি ৩০ দিনের মধ্যে ১ লাখ ভিউ (দর্শকের সংখ্যা) হলে সরকারের তরফ থেকে অতিরিক্ত ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
3. ভিউ বাড়ার সঙ্গে সঙ্গে উপার্জনের পরিমাণও বাড়বে। তবে একটি নির্দিষ্ট ভিডিওর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়ার সুযোগ থাকবে।
বিহারের তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের পূর্ণাঙ্গ রূপরেখা দিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হবে। একই সঙ্গে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে আবেদনকারী ক্রিয়েটরদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ, চ্যানেল এবং নিয়মিত ফলোয়ার্সের তালিকা কঠোরভাবে স্ক্রুটিনি বা পরীক্ষা করা হবে। ভুয়া অ্যাকাউন্ট বা স্প্যাম ভিউ রুখতে নিয়মিত নজরদারি চালাবে সংশ্লিষ্ট বিভাগ। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর নতুন করে উৎসাহিত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।