রোগী ভর্তি করিয়ে দেওয়ার ছুতোয় টাকা আদায়! ঘটনাটি ঘটেছে ভবানীপুরে। ধৃত ব্যক্তির নাম অমিত প্রামাণিক। অমিতের বাড়ি হিঙ্গলগঞ্জে। যে রোগী এবং তার পরিবারের সাথে এই প্রতারণা হয়েছে তিনি কাঁথির বাসিন্দা। ঘটনাস্থল কলকাতার শেঠ সুখলাল করোনারি মেডিকেল(এসএসকেএম) হাসপাতাল।
রোগীর বাড়ির লোকেদের কথা থেকে যে অভিযোগ উঠে এসেছে, তা হল ইউরোলজি বিভাগে প্রথমে ভর্তি, পরীক্ষা নিরীক্ষার নাম করে বেশ কয়েক দফায় টাকা নেয় অমিত। এরপরেও অপারেশনের নামে আরও টাকা চেয়েছিল ওই অভিযুক্ত। তারপরই সে বেপাত্তা হয়ে যায়। এরপর রোগীর বাড়ির লোকদের সন্দেহ হয়। তারা টাকা নিয়েও পরিষেবা বা সুযোগ না পাওয়াতে পুলিশের কাছে অভিযোগ জানান।
তদন্তে নেমে ভবানীপুর থানার পুলিশ সিসিটিভি এবং নানা সূত্র ধরে অমিত প্রামাণিককে পাকড়াও করেন। অমিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়।
পুলিশ জানায় আরও এরকম কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হবে। তারা প্রাথমিক ভাবে জেনেছেন এইরকম কারবারের সাথে হাসপাতালের বেশ কয়েকজন ব্যক্তি যুক্ত। প্রসঙ্গত, এই ধরনের ঘটনায় এর আগেও গতমাসে, এই হাসপাতাল থেকে পাঁচজন কে ধরা হয়েছে।