কলকাতা, পিউ নন্দী: বহু বছর যাবত চলতে থাকা সারদা দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও তার ঘনিষ্ঠ সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। হেস্টিংস থানায় দায়ের হওয়া তিনটি আর্থিক প্রতারণা মামলায় প্রমাণের অভাবে দুজনকেই জামিন দিল কলকাতার নগর দায়রা আদালত। তবে জেল থেকে এখনো পুরোপুরি ছাড় মিলছে না তাদের।
মঙ্গলবার ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিধি শ্রীট-এর আদালতে মামলার রায় ঘোষণা করা হয। গতকাল এই মামলার শুনানিতে ধৃত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় কে ভার্চুয়ালি হাজির করা হয়েছিল বিচারকের সামনে। বর্তমানে সুদীপ্ত সেন প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং দেবযানী মুখোপাধ্যায় বলেছেন দমদম সংশোধনাগারে রয়েছেন।
২০১৩ সাল থেকে চিট ফান্ড কাণ্ডে তারা দুজনেই বন্দি কারাগারে। তিনটি মামলায় মোট ১০ থেকে ১৫ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ ছিল দুজনের বিরুদ্ধে। এখনো তাদের বিরুদ্ধে প্রায় আড়াইশোটি মামলা রয়েছে। পাশাপাশি সিবিআই, ইডি ও সেবির তদন্ত সহ পৃথক মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে।
কাশ্মীরের সোনমার্গ থেকে ২০১৩ সালে তাদের গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তাদের ঠিকানা হয় জেলের অন্ধ কুঠুরি। কলকাতা হাইকোর্টের নির্দেশে সারদাকান্ডের তদন্তভার গিয়ে পড়ে সিবিআই এর হাতে। একই সঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগে ইডি এবং সেবিও পৃথক পদক্ষেপ নেয়। ফলত হেস্টিংস থানার তিন মামলায় বেকসুর খালাস পেলেও অন্যান্য মামলার কারণে আপাতত তাদের দুজনকেই থাকতে হচ্ছে জেলে।




