কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতেও কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনওভাবেই পার পাওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেই জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, এদিন কেন্দ্রের NIA-র ধাঁচে রাজ্যে SIA গঠনের সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'মহিলা পুলিশকর্মীদের বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের কথা বলেছি। অর্থাৎ কনস্টেবলদের জেলায় আর অফিসারদের পার্শ্ববর্তী জেলাতে যাতে পোস্টিং পায়, সেজন্য হোম সেক্রেটারি মহদয়াকে বলেছি। আমি DGP-কে পদক্ষেপ করতে বলেছি। থানার পরিকাঠামো যথাযথ নেই। পুলিশকর্মীদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। সপ্তম পে কমিশন এতদিন পাননি। রিপোর্ট এসে গেলে আগামী কয়েক মাসের মধ্যে পেয়ে যাবেন। IPS-দের নিচের যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। আমার করব। তবে একটু সময় লাগবে।'
পাশাপাশি, পুলিশকর্মীদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শেষবার রেশন ভাতা বেড়েছিল ২০১৭ সালে। সেইসময় থেকে পুলিশকর্মীরা মাসে রেশন ভাতা পান দেড় হাজার টাকা। সেটাই এবার বাড়িয়ে করা হল ২ হাজার টাকা। অক্টোবর থেকে পুলিশকর্মীরা বাড়তি এই রেশন ভাতা পাবেন। ধীরে ধীরে আরও বাড়াবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী।’