হুমকি চিঠি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও পেয়েছেন সেই হুমকি চিঠি! ‘খতম’ বা ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের সংশ্লিষ্ট দফতরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময় সৌরভের অফিসে চিঠি আসছিল। প্রাথমিকভাবে সেগুলিকে সাধারণ ভক্তের চিঠি বলেই মনে করা হয়েছিল। ফলে সেই সময় বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। সোমবার ফের একটি নতুন চিঠি আসার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমার নামের এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে ওই চিঠিগুলি পাঠাতেন বলে অভিযোগ।
এখন দেখার বিষয় অরুণ এই ঘটনায় যুক্ত নাকি তাঁর নাম ভাঙিয়ে ষড়যন্ত্র চলছে! পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।