পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে লাগাতার হুমকি ফোনের অভিযোগ। একবার বা দু’বার নয়, গত কয়েক মাসে মোট ১৯ বার তাঁকে হুমকি ফোন করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর অভিযোগ, অধিকাংশ ফোনই এসেছে বাংলাদেশ থেকে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ঋতব্রত।
বিরোধী দলনেতার দাবি, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বারবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু প্রাণনাশের হুমকি নয়, একাধিক ফোনে তাঁকে বাংলাদেশের মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের পরিণতির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ফলে গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঋতব্রত। এই অভিযোগের পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ফোন নম্বরগুলির উৎস, কলের সময়, ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, অভিজিৎ রায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক ও ব্লগার। তাঁর প্রতিষ্ঠিত বাংলা ব্লগ ‘মুক্তমনা’ তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার একুশে বইমেলা থেকে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার কাছে হামলার শিকার হন অভিজিৎ। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর জখম হন তাঁর স্ত্রীও। এই হত্যাকাণ্ডের দায় আনসারুল্লাহ বাংলা টিম দাবি করেছিল। পরবর্তী তদন্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এবার সেই অভিজিৎ রায়ের পরিণতির উল্লেখ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।