উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পার্কের ভিতরে থাকা একটি দেওয়াল ও সংশ্লিষ্ট কাঠামো ভেঙে দিল কলকাতা পুরসভা। ওই দেওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গার আরতি করতে দেখা যায়—এমন একটি গ্রাফিতি আঁকা ছিল, যা এ বছরের দুর্গাপুজোর থিমের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল।
পুরসভার দাবি, পার্কের জমি বেআইনিভাবে দখল করে অনুমতি ছাড়াই ওই দেওয়াল, দর্শনার্থীদের বসার জায়গা এবং ছয়টি শৌচালয় নির্মাণ করা হয়েছিল। এ নিয়ে আগেই ক্লাব কর্তৃপক্ষকে নোটিস দিয়ে ২০ জুলাইয়ের মধ্যে নিজ দায়িত্বে কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মানা না হওয়ায় পুরসভার উদ্যান বিভাগ বুলডোজার চালিয়ে কাঠামো ভেঙে দেয়।
অন্যদিকে, চোরবাগান সর্বজনীনের দাবি, কাঠামোটি কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, দুর্গাপুজোর সময় বিপুল ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ২০২২ সালের পদপিষ্টের ঘটনার পর নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও দাবি পুজো কমিটির।