উত্তরপাড়া, নিউজ ডেস্ক: একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল কথা কাটাকাটি। স্থানীয় হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার পরেই সেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলো। অভিযোগ বেশ কয়েকজনের উপস্থিতিতে তৈরি হয় উত্তেজনা, আর তারপরেই শুরু হয় মারধর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ছাত্রের বাবা সহ আরও এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানা এলাকার হিন্দমোটো নন্দনকানন এলাকায়। স্থানীয় বাসিন্দা বিপ্লব কুমার বিশ্বাসের আট বছরের ছেলে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পুলকারে যাতায়াত করে। পরিবারের অভিযোগ গত কয়েকদিন ধরে ওই পুল কারে যাতায়াতকারী ছাত্রদের মধ্যে ঝামেলা ও মারামারি চলছিল। সেই ঘটনায় বিপ্লব বাবুর ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছেলের সঙ্গে এমন ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে পুলকার চালকের কাছে অভিযোগ জানান বিপ্লব কুমার বিশ্বাস। অভিযোগ, এই বিষয়টি নিয়ে চালকের সঙ্গে তার বচসা শুরু হয়। দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তৎকালীন সমস্যা ও মিটে যায়।
তবে, অভিযোগ ঘটনার কয়েক ঘন্টা পর ফের উত্তেজনা শুরু হয়। বিপ্লব বাবুর দাবি, পুলকারের চালক মালিক সহ প্রায় ১০ থেকে ১৫ জন তাঁর বাড়িতে চড়াও হয়। পরিস্থিতি দেখে বিপ্লববাবুর কয়েকজন বন্ধু তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিপ্লব কুমার বিশ্বাসের নাক কেটে যায়। এছাড়াও আরও এক ব্যক্তির মাথা ফেটে যাওয়ার অভিযোগ রয়েছে। আহতদের নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর বিষয়টিকে নিয়ে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপ্লব কুমার বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এক অভিযুক্ত কে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, হামলার পিছনে ঠিক কি কারণ ছিল এবং আরও কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।