কলকাতা, কেয়া মণ্ডল:অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির ঠিক ২৪ ঘণ্টা আগেই ইস্তফা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
বৃহস্পতিবার, ব্যক্তিগত কারণ দেখিয়ে বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ইস্তফাপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে বলে খবর। যা নিয়ে বীরভূমের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এরই মধ্যে কাজল শেখের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, 'ওদিকে তো সব ভালো তৃণমূল। তাহলে ভালোদের মধ্যে এত গুঁতোগুঁতি কেন? আসলে সবটাই পুলিশকে দিয়ে ধমকানি-চমকানির রাজনীতি চলছে, যা খুবই দুর্ভাগ্যজনক।'
ফলে কাজল শেখের পদত্যাগের পর বীরভূম জেলা পরিষদের পরবর্তী সভাধিপতি কে হন, তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে জেলা তৃণমূলের অন্দরের ক্ষমতার সমীকরণ কোন দিকে যায়, সেদিকেও নজর রাজনৈতিক মহলের।
রাজনৈতিক পালাবদলের পর জেলা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক থমকে ছিল। কাজল নিয়মিত জেলা পরিষদে না যাওয়ায় স্থায়ী সমিতির বৈঠকও কার্যত বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে।
বীরভূম জেলা পরিষদের মোট ৫২ জন সদস্যের মধ্যে ১৯ জন সদস্য অনাস্থা প্রস্তাবে সই করেন। তাৎপর্যপূর্ণভাবে, ওই ১৯ জনের অধিকাংশই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। ফলে অনাস্থা প্রস্তাব ঘিরে জেলা তৃণমূলের অন্দরের সমীকরণও সামনে আসে।
যদিও নিজের পদত্যাগের কারণ হিসেবে কোনও রাজনৈতিক চাপের কথা মানতে চাননি কাজল শেখ। তাঁর দাবি, ব্যক্তিগত কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর উপর কোনওরকম চাপ বা জবরদস্তি করা হয়নি।
এদিকে, প্রশাসনের তরফে বীরভূমের জেলাশাসক এবং জেলা পরিষদের নির্বাহী আধিকারিককে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পরিষদের হেফাজতে থাকা সমস্ত নথি, রেজিস্টার, সিলমোহর এবং অন্যান্য সম্পত্তি যথাযথভাবে হস্তান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে।




