রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বারুইপুর কান্ড। নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিতে বড় উদ্যোগ গ্রহণ করলো জেলা পুলিশ। মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর এলাকায় গড়ে তোলা হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি।
বারুইপুরের এই ঘটনার পর মঙ্গলবার এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এলাকায় একটি পুলিশ আউটপোস্টের দাবি জানানো হয়েছে। সেই প্রস্তাব রাজ্যের ডিজি ও স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনে ভাড়া বাড়ি নিয়েই দ্রুত আউটপোস্ট চালুর নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির প্রক্রিয়া শুরু করে জেলা পুলিশ। বর্তমানে সূর্যপুরে একটি পুলিশ ক্যাম্প থাকলেও তা মূলত আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হয়। ফলে কোনও লিখিত অভিযোগ জানাতে হলে বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হয়। নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে সেই ভোগান্তির অবসান ঘটবে বলেই আশা এলাকাবাসীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন যে ফাঁড়িটি তৈরি হচ্ছে সেখানে বর্তমানে ক্যাম্পের তুলনায় অনেক বেশি সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এলাকায় টহলদারি বাড়ানো হবে। অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সূর্যপুর ও সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ির। সেই দাবি বাস্তবায়নের পথে হাঁটছে জেলা পুলিশ। এই উদ্যোগ শুধু নিরাপত্তা বৃদ্ধি নয় প্রশাসনক পরিষেবাকে আরো মসৃণ করে তুলবে।