ধর্মতলায় নিট প্রশ্নফাঁস-বিরোধী বিক্ষোভ ঘিরে অশান্তির তদন্তে আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশ। সোমবার সকালে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। একই দিনে তদন্তের স্বার্থে পাঁচ অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে, খালি পায়ে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অভিযুক্তদের ঘটনাস্থলে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায়।
পুলিশ সূত্রের খবর, সোমবার পার্ক সার্কাসের কড়েয়া এলাকা থেকে ৩৫ বছরের ওয়াকার আজতম এবং গার্ডেনরিচ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার ৩২ বছরের জাভেদ আখতারকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, শুক্রবারের বিক্ষোভে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় তাঁদের সক্রিয় ভূমিকা ছিল।
ধৃত পাঁচ জনকে নিয়ে এ দিন ডরিনা ক্রসিংয়ে পৌঁছে ঘটনার পুনর্নির্মাণ করে তদন্তকারী দল। কোথা থেকে মিছিলের মধ্যে উত্তেজনা ছড়ায়, কোন জায়গায় ভাঙচুর হয় এবং কী ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা অভিযুক্তদের দেখিয়ে বলতে বলা হয়। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, নিট আন্দোলনের আড়ালে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানো হয়েছে। তাঁর বক্তব্য, পুলিশের হাতে এমন অন্তত ৭০ জনের পরিচয় এসেছে, যাঁরা ছাত্র নন, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সদস্যও নন এবং নিট আন্দোলনের সঙ্গেও তাঁদের কোনও যোগ নেই। আন্দোলনের সুযোগ নিয়ে তাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিলেন বলেই প্রশাসনের দাবি।
এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে রাজ্যের সদ্য কার্যকর হওয়া গুন্ডাদমন আইনও প্রয়োগ করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, আইনশৃঙ্খলা নষ্টের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলায় কর্মসূচির ডাক দিয়েছিল এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। একই দিনে কর্মসূচি ছিল সিজেপি-রও। সেই বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের হেনস্থা, বোতল ও জুতো ছোড়া এবং পুলিশের উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় মোট সাতটি মামলা দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। পুলিশ সূত্রের ইঙ্গিত, আগামী দিনে এই মামলায় আরও গ্রেফতার হতে পারে।