নিউজ ডেস্ক : এআই-এর ব্যবহার যত বাড়ছে ততই নিরাপত্তাহীনতার বিষয় প্রকাশ্যে আসছে। কারণ অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করছেন। এবার ChatGPT-র দেওয়া চিকিৎসা সংক্রান্ত পরামর্শকে কেন্দ্র করে দায়ের হল চাঞ্চল্যকর মামলা। মৃগীরোগে আক্রান্ত এক তরুণীকে নিয়মিত ওষুধ বন্ধ করার পরামর্শ দিয়েছিল ChatGPT। আর সেই পরামর্শ মেনেই ধীরে ধীরে ওষুধের মাত্রা কমিয়েছিলেন তিনি। এরপরই মৃত্যু হয় ৩১ বছর বয়সি ওই তরুণীর। ঘটনায় OpenAI এবং সংস্থার CEO স্যাম অল্টম্যানের বিরুদ্ধে wrongful death মামলা দায়ের করেছেন মৃতার বাবা-মা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতার নাম বোয়েন ওয়ান। তিনি আমেরিকার সিয়াটলের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে,মৃগীরোগ নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে ল্যামোট্রিজিন (Lamotrigine) নামের একটি ওষুধ খেতেন বোয়েন। কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর কথা বলার দক্ষতা এবং ভাষাগত সাবলীলতা কমে যাচ্ছিল বলে মনে করতেন তিনি। নতুন চাকরির সন্ধান এবং ভবিষ্যৎ কর্মজীবনের কথা ভেবেই ওষুধের মাত্রা কমানোর বিষয়ে ChatGPT-র সাহায্য নেন। আর তাতেই ঘটে যায় এমন মর্মান্তিক পরিণতি। মাত্র ৩১ বছর বয়সে প্রাণ হারান তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নাগাদ বোয়েনের মৃত্যু হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সিয়াটলের অ্যাপার্টমেন্ট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ২৭ অক্টোবর বোয়েনের বাবা-মা OpenAI এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোর আদালতে মামলা দায়ের করেন। এই ঘটনা আবারও কৃত্রিম বুদ্ধিমত্তার মাত্রাতিরিক্ত ব্যবহারের উপর প্রশ্ন তুলছে।




