ভেনেজুয়েলার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের পুয়ের্তো মাদেরোর কাছে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প, যার তীব্রতা রিখটার স্কেলে ৭.৪। সিসমোলজিস্ট ও ভূবিজ্ঞানীদের মতে, এত শক্তিশালী ভূমিকম্প অত্যন্ত বিপজ্জনক এবং এর জেরে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের অনেক গভীরে। তীব্র কম্পনে পুয়ের্তো মাদেরো ও আশপাশের এলাকায় বহুতল ভবন দুলে ওঠে। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ পরিষেবাতেও সাময়িক প্রভাব পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
ভূমিকম্পের পরই সমুদ্রের জলস্তরের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সম্ভাব্য সুনামির আশঙ্কা প্রকাশ করেছে। এর পরেই মেক্সিকোর প্রশাসন পুয়ের্তো মাদেরো-সহ উপকূলবর্তী বিভিন্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করে।
প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য সুনামির ক্ষয়ক্ষতি এড়াতে উদ্ধারকারী দল, জরুরি পরিষেবা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
এখনও পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও সরকারি তথ্য সামনে আসেনি। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন এবং জরুরি পরিষেবার কর্মীরা বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন।




