নিউজ ডেস্ক: ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত করতে উদ্যোগী ভারত। সোমবার হ্যানয়ে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভান জিয়াংয়ের সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দু’দেশের মধ্যে চলতে থাকা প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন তাঁরা। পাশাপাশি এই ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও সহমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
রবিবার সরকারি সফরে ভিয়েতনামে পৌঁছন ডোভাল। সোমবার তাঁর সঙ্গে বৈঠক হয় জেনারেল ফান ভান জিয়াংয়ের। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই বৈঠকের কথা জানানো হয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভান জিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
বৈঠক সম্পর্কে দূতাবাস আরও জানিয়েছে, ‘দু’পক্ষ চলতি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং এই ক্ষেত্রে পারস্পরিক কার্যকলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।’
ভারত ও ভিয়েতনামের মধ্যে বর্ধিত সার্বিক কৌশলগত অংশীদারিত্বের প্রেক্ষাপটেই ডোভালের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বাণিজ্য-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার উদ্যোগ চলছে। গত মে মাসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের ভারত সফরের সময় দু’দেশের সম্পর্কে উন্নতি হয়।
সেই সফরেই ২০৩০ সালের মধ্যে দু’দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২৫০০ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। ফলে ডোভালের বর্তমান সফরে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি ভারত-ভিয়েতনাম সম্পর্কের সামগ্রিক অগ্রগতির বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।




