সংসদে মোদী সরকারকে খোঁচা অখিলেশ যাদবের। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে তুলে ধরে মঙ্গলবার কেন্দ্রের এনডিএ সরকারকে কটাক্ষ করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো। এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ বলেন, 'প্রধানকে সরিয়ে আপনারা প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে দিলেন।'
এদিন সংসদে নয়া বিল নিয়ে ১০ ঘন্টার আলোচনার শুরুতে অখিলেশ যাদব বলেন, 'যখন সংসদে পৌঁছলেন, তখন ওনাকে কক্ষের বাইরে স্বাগত জানানো হয়। ভাবুন তো, সাংসদরা কতটা স্বস্তি পেয়েছিলেন এবং কত বড় সংকট থেকে তাঁরা রক্ষা পেলেন। এক প্রধানকে সরিয়ে কার্যত প্রধানমন্ত্রীকেই বাঁচিয়ে দিলেন।'
তিনি আরও বলেন, 'দেশের তরুণ-তরুণীদের মনোবল এবং ঐক্যকে আমি স্যালুট জানাই। তাঁদের আন্দোলনের জোরেই সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। সরকার ভেবেছিল, তারা অজেয়। কিন্তু যুবসমাজ প্রমাণ করে দিয়েছে যে, ঝুকতা হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে। শেষ পর্যন্ত সরকার নতিস্বীকার করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে।'
আন্দোলনের প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, 'আমি আশা করি, যুবসমাজের তোলা সব দাবিই সরকার মেনে নেবে। সরকারের এখন নিশ্চয়ই বুঝতে বাকি নেই, যে দলকে একসময় কৌতুকের বিষয় বলে মনে করা হয়েছিল, সেই দলও একদিন বড় শক্তিতে পরিণত হতে পারে।'




