কলকাতা, নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, প্রতিবছর ভালোভাবে প্রধানমন্ত্রীসর জন্মদিন পালন করা হয়। কিন্তু, এবছর বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। তাই আরও ধুমধাম করেই মোদীর জন্মদিন পালন করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ওই দিন কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটে পরিবারের অংশগ্রহণে দীপ প্রজ্বলনের কর্মসূচি নেওয়া হবে। এছাড়াও সরকারি ভবন সাজানো, স্কুলে নানা অনুষ্ঠান এবং জেলার সদর দফতরে বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে প্রায় এক কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, অন্নপূর্ণা দিবসকে ঘিরে ৮০ হাজারের বেশি ছাত্রছাত্রীকে নিয়ে ড্রয়িং-সহ বিভিন্ন কর্মসূচি হবে। পাশাপাশি ভারত সংকল্প যাত্রা উপলক্ষে মিছিল ও বাইক র্যালিরও আয়োজন করা হবে। এরপর আগামী ৭ অক্টোবর প্রতি জেলার সদর কার্যালয়ে বিশেষ কর্মসূচি হবে। সেদিন প্রধানমন্ত্রী গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্ণ করবেন। সেই উপলক্ষে রাজ্যজুড়ে ‘সেবা সেতু’ কর্মসূচি পালন করা হবে।
শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে বৃহৎ পরিসরে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কর্মসূচির সঙ্গে যুক্ত জেলার প্রতিনিধিদের প্রধানমন্ত্রী সংবর্ধিত করবেন বলেও দাবি করেছেন তিনি।