নিউজ ডেস্ক: ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হয়েও মাত্র ৩৮ বছর বয়সে কেরিয়ারের সর্বোচ্চ স্তরে আকস্মিক স্বেচ্ছায় অবসর- দেশের সঙ্গীত জগতের ইতিহাসে হয়ত নেই! তবে অরিজিৎ সিং বরাবরই ব্যতিক্রম। কেরিয়ারের শুরু থেকেই নিজের জাত চিনিয়েছেন। গত জানুয়ারি মাসেই নেপথ্য কন্ঠ শিল্পের দুনিয়া থেকে আচমকা অবসর ঘোষণা করে ভারতবর্ষব্যাপী ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে এবার অরিজিৎ ভক্তদের জন্য সুসময়। ফের একবার ভারতজুড়ে মিউজিক্যাল ট্যুর করতে চলেছেন গায়ক। আগামী বছর দেশের বিভিন্ন প্রান্তে লাইভ কনসার্ট রেখেছেন অরিজিৎ। কবে, ঠিক কোন শহরে হবে অনুষ্ঠান? জানালেন স্বয়ং অরিজিৎ সিং। ২০২৭ সালে তিনি আবারও অল ইন্ডিয়া ট্যুর করবেন। তবে এবারের তাঁর এই মিউজিক্যাল ট্যুর বিশেষ হতে চলেছে, কারণ তিনি গানের জগতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। সেই উপলক্ষ্যে মোট ৯ শহরে স্টেডিয়াম আকারের কনসার্ট করবেন।
২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তিনি ৯ শহরের ইন্ডিয়া ট্যুর করবেন। ইতিমধ্যেই জানা গেছে কোন কোন শহরে অনুষ্ঠিত হবে তাঁর এই অনুষ্ঠানগুলি। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নিউ দিল্লি, পুনে, ইন্দোর এবং হায়দরাবাদে। এই মূহুর্তে তালিকায় কলকাতার নাম নেই।
অরিজিৎ সিং নিজের এই বিশেষ ট্যুর নিয়ে বলতে গিয়ে এক বিবৃতিতে জানান, “সঙ্গীতের ২০ বছরের এই সফর আমার কাছে অত্যন্ত কৃতজ্ঞতার। এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশটি সবসময়ই এখানকার মানুষ ও শ্রোতারা, যাঁরা আমার গানগুলোকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন এবং তাদের নিজের করে নিয়েছেন।” তিনি আরও যোগ করেন, “ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং স্টেডিয়ামের মঞ্চে সেই ভালোবাসাকে সরাসরি অনুভব করার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এত গান, এত স্মৃতি আর কত মানুষের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত—সব মিলিয়ে আমি আর তর সইতে পারছি না।”
কেন কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য কোনও শহরে অনুষ্ঠান করছেন না অরিজিৎ, সেই প্রশ্ন ইতিমধ্যেই শুরু হয়েগেছে। তবে অনুরাগীদের একাংশের বিশ্বাস, কলকাতাকে হয়তো পরে এই তালিকায় যোগ করবেন অরিজিৎ। অথবা কলকাতা নিয়ে হয়তো বিশেষ চমক আছে। সোমবার অরিজিতের অফিশিয়াল সমাজমাধ্যম থেকে একটি পোস্টের মাধ্যমে ‘ইন্ডিয়া ট্যুর’-এর খবরটি ঘোষণা করা হয়েছে। ভিজিউয়াল সংগীত প্রেমীদের এক অনন্য অভিজ্ঞতা দিতে স্টেডিয়াম গুলোতে বিশেষ প্রোডাকশনের বন্দোবস্ত করা হচ্ছে। অনুষ্ঠানের টিকিট কবে কী ভাবে কাটা যাবে, সেটিও পোস্টে বলা আছে। বিশেষ স্টেজ ডিজাইনের মাধ্যমে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছাতে স্টেজে থাকছে একটি বাড়তি রানওয়ে। প্রযুক্তিগত চমকও থাকছে কনসার্টে যথেষ্ট। থাকবে থ্রি-ডি কাইনেটিক এলইডি, ৩৬০-ডিগ্রি স্পেশাল অডিও, প্যানোরামিক স্ক্রিন, লেজার টেকনোলজি এবং চমকপ্রদ মানের আতশবাজির প্রদর্শন। যার ঝলকানিতে আবার বিমুগ্ধ হতে অপেক্ষায় তার সঙ্গীতানুরাগী শ্রোতারা।
