স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।
প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। আর প্রথম ম্যাচেই চেনা নর্থইস্ট। চলতি মরশুমে এই নর্থইস্টের বিরুদ্ধে দু'বার খেলে ফেলেছে মোহনবাগান। ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে। একবার টাইব্রেকারে জেতে, একবার ম্যাচ ড্র হয়। আইএসএল-এর প্রথম ম্যাচে কী তাই সুবিধা বাগানের? যদিও এই যুক্তি মানতে নারাজ বাগান কোচ প্যানোস । তাঁর কথায় নতুন মরশুমে নতুন শুরু । তাই নর্থইস্টও নতুন ভাবে আসবে বলেই মনে করছেন তিনি । এদিন সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বলেন,” আশা করি, এবার ম্যাচটা সম্পূর্ণ অন্যরকম হবে। ডুরান্ড কাপে শিলংয়ে প্রচুর বৃষ্টি হয়েছিল। অতিরিক্ত সময়, টাইব্রেকার, সব মিলিয়ে সেই সময় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। এবার আইএসএল । গ্রুপ পর্বের ম্যাচ। আমাদের ৯০ মিনিটের মধ্যে জিততে হবে। প্রতিপক্ষের কোচও আমাদের সম্পর্কে জানেন। তিনি অন্যতম সেরা কোচ। তাই কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।”
চোট কাটিয়ে নর্থইস্ট ম্যাচ এবং দিল্লি ম্যাচে যাচ্ছেন ম্যাকলারেন, অপুইয়া। শুধু দলের সঙ্গে যাচ্ছেন না আশিস রাই। সূত্রের খবর, প্রথম ম্যাচে না নামলেও দিল্লি ম্যাচে নামবেন জেমি। কুঁচকিতে চোটের জন্য শিল্ডের সেমিফাইনাল এবং ফাইনালে খেলতে পারেননি ম্যাকলারেন। তবে এবার দুই অ্যাওয়ে ম্যাচে যাচ্ছেন তিনি । কতটা ফিট ম্যাকলারেন । প্রশ্নের উত্তরে বাগান কোচ বলেন,” জেমি ফিট। দলের সঙ্গে যাবেন । প্রথম ম্যাচ থেকেই শুরু করতে পারেন । এদিন বিকেলে দলের সঙ্গে অনুশীলন করেন অস্ট্রেলিয়ান ফুটবলার । ফিজিক্যাল ড্রিলের পাশাপাশি বল নিয়েও ড্রিল করেন। তবে জেমিকে দেখে পুরো ফিট মনে হচ্ছে না। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে এসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর খোঁজ নেন বাগান কোচ। ইচ্ছে প্রকাশ করেন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখার ইচ্ছে প্রকাশ করেন।