কলকাতা, নিউজ ডেস্ক: বিরোধীদের রাজনৈতিক আন্দোলনের মোকাবিলায় এবার রাজপথে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। বিভিন্ন রাজ্য, শহরে ঘুরে ঘুরে 'লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে সোমবার কলকাতায় মেগা মিছিলের আয়োজন করল গেরুয়া শিবির। দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে শুরু হয় এই পদযাত্রা। মিছিলে নিতিন নবীনের সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শীর্ষ তিন নেতার কাঁধেই দেখা যায় জাতীয় পতাকা।
সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন নীতীন নবীন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির নেতৃত্ব। সেখান থেকে সরাসরি কলেজ স্ট্রিটে পৌঁছন তাঁরা। আগে থেকেই সেখানে জমায়েত করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবেই দেশজুড়ে এই পদযাত্রার ডাক দিয়েছে বিজেপি। দলের বক্তব্য, বিরোধীদের মিথ্যাচার ও অরাজকতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ।
কলকাতার পাশাপাশি এদিন হায়দরাবাদেও একই কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির দাবি, বিরোধীদের মিথ্যাচার এবং অরাজকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচি। হায়দরাবাদে একই কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অমিত শাহ। দিল্লিতে বিরোধী জোটের সাম্প্রতিক সমাবেশকে কটাক্ষ করে তিনি বলেন, সেটি ভোট বাঁচানোর নয়, বরং অনুপ্রবেশকারীদের বাঁচানোর কর্মসূচি ছিল। এসআইআরের মাধ্যমে তিন কোটি ভুয়ো ভোটারের নাম বাদ পড়ায় বিরোধীরা আপত্তি জানাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে বিহারের ভাগলপুরে কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধীদের নিশানা করেছিলেন নীতীন নবীনও। তাঁর বক্তব্য, বিরোধীদের কাছে ক্ষমতা দখলই প্রধান লক্ষ্য, অন্যদিকে বিজেপির কাছে সংবিধান ও গণতন্ত্র রক্ষা অগ্রাধিকার। তামিলনাড়ু ও কেরলে এসআইআরের পরেও বিরোধীরা নির্বাচনে জয়ী হয়েছে বলে উল্লেখ করে তিনি বিরোধীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
তবে বিজেপির এই কলকাতা মিছিল নিয়ে প্রশ্ন তুলেছে বাম শিবির। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানার বক্তব্য, বিরোধীদের আন্দোলনের প্রভাব যখন রাজ্যে পড়েনি, তখন নতুন সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে কলকাতায় এই কর্মসূচির প্রয়োজনীয়তা কী? জাতীয় নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক, এসআইআর এবং বিরোধীদের আন্দোলন, সব মিলিয়ে সোমবারের এই মিছিলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।




