কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় বার্তা রাজ্য সরকারের। প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে যাঁদের অপেক্ষা, তাঁদের জন্য সুখবর দিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়। সম্প্রতি যাঁদের বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাঁদের আবেদন গ্রহণের জন্য শীঘ্রই ফের পোর্টাল খুলে দেওয়া হবে বলে জানালেন তিনি। একই সঙ্গে প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়লেন না মন্ত্রী।
মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলেই মহিলারা সুযোগ পাবেন। যাঁদের বয়স সম্প্রতি ২৫ বছর হয়েছে, পোর্টাল চালু হলেই তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। অন্যদিকে, যাঁদের বয়স ৬০ বছর পূর্ণ হবে, তাঁদের বার্ধক্য ভাতার আওতায় স্থানান্তরের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
প্রকল্পের টাকা পাওয়া নিয়ে যে অভিযোগ উঠেছিল, তা নিয়েও মুখ খুলেছেন মালতি রাভা রায়। তাঁর দাবি, বর্তমানে অধিকাংশ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টেই টাকা পৌঁছে গিয়েছে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের ক্ষেত্রে মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা প্রয়োজনীয় নথিপত্রে সমস্যা রয়েছে। সেই সমস্যা দ্রুত মেটাতে ব্লক উন্নয়ন আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। নথির ত্রুটি সংশোধন হলেই যোগ্য মহিলারা প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এখানেই থামেননি মন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে আগের মতো আর কোনও চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সাহায্য পৌঁছে যাচ্ছে।
পাশাপাশি পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছেন মালতি রাভা রায়। তাঁর দাবি, আগের সরকারের আমলে প্রায় ১০ লক্ষ পুরুষ বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছিলেন। বর্তমান সরকার প্রতিটি আবেদন ও নথি খুঁটিয়ে যাচাই করেই প্রকৃত উপভোক্তাদের সুবিধা দিচ্ছে বলে দাবি তাঁর।
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা চালুর পর থেকেই বিভিন্ন এলাকায় আবেদনপত্র জমা, নামের তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। একাধিক জায়গায় জনপ্রতিনিধিদের ঘিরেও বিক্ষোভ দেখা যায়। সেই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য আগেই দাবি করেছিলেন, প্রকল্প নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এবার নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল খোলার আশ্বাসে অপেক্ষায় বহু মহিলা। তবে কবে থেকে পোর্টাল চালু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি। ফলে সরকারি ঘোষণার পর বাস্তবে কত দ্রুত নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়, এখন সেটাই দেখার।




