কলকাতা, নিউজ ডেস্ক: ফের বিজেপিতে সাংগঠনিক কাঠামোয় রদবদল। রাজ্য কমিটির পর এবার জেলাস্তরে বিজেপির সাংগঠনিক রদবদল করা হয়েছে। এবার রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জের তালিকা প্রকাশ করেছে বিজেপি। নতুন তালিকায় একাধিক জেলায় দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। জেলা সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এই রদবদল বলে দলীয় সূত্রে খবর।
শুক্রবার সংগঠনের মহিলা, যুব, ওবিসি মোর্চা থেকে শুরু করে সাংগঠনিক জেলার সভাপতি, রাজ্য সম্পাদক সর্বত্র নতুন মুখ ঘোষণা করা হয়েছে। 'এক ব্যক্তি-এক পদ' নীতিতে সংগঠনে রদবদল করা হয়। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের। রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় মহিলা মোর্চার নেতৃত্বে পরিবর্তন। অগ্নিমিত্রা পালের জায়গায় এই দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু। অর্থাৎ এবার থেকে রাজ্য বিজেপির মহিলা সংগঠনের নেতৃত্বে থাকবেন তিনি।
শুধু রাজ্যস্তরের মোর্চা নয়, সাংগঠনিক জেলার স্তরেও বেশ কিছু পদে পরিবর্তন করা হয়েছে। রাজ্য সম্পাদক পদেও নতুন মুখ আনা হয়েছে। বিজেপির সাংগঠনিক ব্যবস্থাকে নতুন করে সাজানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বলে দলীয় সূত্রে খবর। জানা গিয়েছে, বিজেপি যুব মোর্চার সভাপতি পদে বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ’র বদলে এসেছেন বিধায়ক অমিত সামন্ত।
মহিলা মোর্চার পদ থেকে রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এছাড়া সাত সাংগঠনিক জেলা বারাসত, বনগাঁ, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়ায় জেলা সভাপতি বদল করা হয়েছে। রাজ্য সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
কোথাও পুরনো দায়িত্বে থাকা নেতাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে, আবার কোথাও দায়িত্বের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। সামনেই পুরসভা নির্বাচন-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকায় জেলা সংগঠনকে ঢেলে সাজানোর এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য কমিটিতে রদবদলের পর এবার জেলা স্তরেও ব্যাপক পরিবর্তন করল বিজেপি। নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জদের হাত ধরে জেলা সংগঠন কীভাবে কাজ করে, এখন সেটাই দেখার। দুর্গাপুজোর পর রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব বণ্টন করে দলকে নির্বাচনী প্রস্তুতির জন্য সাজিয়ে নেওয়া হচ্ছে।
