কলকাতা: গড়িয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়র সার্থক সরকার খুনের ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। ঠিক কী দিয়ে খুন করা হয়েছিল ২৫ বছরের ওই যুবককে? চপস্টিক, নাকি খোঁপার কাঁটা? খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান না মেলায় তদন্তে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার উপর ধৃত প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুর বয়ানে একাধিক অসঙ্গতি সামনে আসছে। ফলে ঘটনার পুনর্নির্মাণ করে খুনের আসল রহস্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কালীপুজোর আগের রাতে গড়িয়ার ফরতাবাদের একটি ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সার্থকের রক্তাক্ত দেহ। বারাসতের বাসিন্দা সার্থক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। প্রেমিকা সঞ্চালিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি। ঘটনার সময় ফ্ল্যাটে উপস্থিত ছিলেন সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতা। পরে দু'জনকেই গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে গলায় আঘাত করার ফলেই মৃত্যু হয়েছে সার্থকের।
মঙ্গলবার সকালে তদন্তের স্বার্থে সঞ্চালিকা ও তাঁর মাকে নিয়ে যাওয়া হয় সেই ফ্ল্যাটে। ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে শনিবার রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, দু'জনের বক্তব্যে একাধিক অমিল রয়েছে। এমনকী একই ঘটনা নিয়ে বারবার বয়ান বদল করছেন সঞ্চালিকা। তিনি আইনের ছাত্রী হওয়ায় জিজ্ঞাসাবাদের সময় অত্যন্ত সতর্কভাবে উত্তর দিচ্ছেন বলেও তদন্তকারীদের দাবি।
তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন কলেজের টাকা দেওয়া নিয়ে সঞ্চালিকা ও তাঁর মায়ের মধ্যে বচসা হয়েছিল বলে অনুমান। সেই বিবাদ মেটাতেই ফ্ল্যাটে পৌঁছেছিলেন সার্থক। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের একাংশের অনুমান, রাগের মাথায় সঞ্চালিকা ধারালো কিছু দিয়ে সার্থকের গলায় আঘাত করেন।
কিন্তু সেই অস্ত্র কোথায়? তদন্তকারীদের একাংশের সন্দেহ, চপস্টিক জাতীয় কোনও বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে। আবার খোঁপার কাঁটা দিয়েও আঘাত করা হয়ে থাকতে পারে বলে অনুমান। যদিও এখনও পর্যন্ত কোনও অস্ত্র উদ্ধার হয়নি।
এদিকে, সার্থক ও সঞ্চালিকার সম্পর্কের টানাপড়েন এবং তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার রাতে দু'জনের মদ্যপানের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
ফরেনসিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত প্রেমিকা ও তাঁর মায়ের পরস্পরবিরোধী বয়ানই তদন্তের অন্যতম বড় চ্যালেঞ্জ।




