নিউজ ডেস্ক: মধ্য রাতের একটি জমায়েতকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনো কাটেনি। কালীঘাটের সেই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে মুহূর্তের মধ্যে উত্ত্যক্ত হয়ে উঠেছিল এলাকা? কারা জড়িত ছিলেন গোলমালে? পুলিশের উপর হামলার অভিযোগ ঘিরে এবার তদন্তে আরও সক্রিয় কলকাতা পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে।
গত শুক্রবার মধ্যরাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। তাঁর বাড়ির সামনে জমায়েতকে ঘিরে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। এমনকি কর্তব্যরত এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও উঠেছে। গোলমালের মধ্যে ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পীর তৈরি প্রতিমা ও কাজের সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। অভিষেকের কার্যালয়েও ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে।
ঘটনার পরেই প্রশাসনিক মহলে তৎপরতা বাড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন। এরপর তদন্তের দায়িত্ব নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। অর্থাৎ এবার থেকে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে গোয়েন্দারা। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁদের আলিপুর আদালতে পেশ করা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার সকালে ধৃত তিনজনকে নিয়ে কালীঘাটের ঘটনাস্থলে পৌঁছই পুলিশ। সেখানে তাঁদের সামনে রেখেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কিভাবে গোলমাল এর সূত্রপাত, কারা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন এবং ভাঙচুরের ঘটনায় কারা যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা
পাশাপাশি, এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনে আরও কারও ভূমিকা রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। জন্মদিনের অনুষ্ঠান ঘিরে শুরু হওয়া এই গোলমালের তদন্ত এবার কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




