গোটা রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার পরেই একের পর এক মাস্টারস্ট্রোক দিয়েছেন তিনি। নিজের রাজনৈতিক দুর্গ পূর্ব মেদিনীপুর থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। রবিবার মেচেদার একটি গেস্ট হাউসে জেলার দলীয় পদাধিকারী, জনপ্রতিনিধি এবং কোর কমিটির সদস্যদের নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। আগামী দিনে রাজ্য রাজনীতির রূপরেখা কেমন হবে সে বিষয়ে বিস্তর আলোচনা হয় এই বৈঠকে বলে জানা গিয়েছে।
জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে ও সংগঠনকে বুথ স্তর পর্যন্ত সুসংহত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিধায়ক অশোক দিন্দা-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। দলের অভ্যন্তরীণ খুঁটিনাটির বিষয় বিস্তর আলোচনা হয় এইদিন। বৈঠক থেকে জনসংযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম বৈঠক। যাকে ঘিরে বিজেপির অন্দরে চলছিল জোর চর্চা। প্রসঙ্গত, গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ লাগাতার বদলেছে। একসময় তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার চিত্র বদলাতে শুরু করে ২০২০ সালে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জেলার প্রায় সর্বত্রই এগিয়ে ছিলো গেরুয়া শিবির। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জেলার সবকটি আসন বিজেপির জয়লাভ কার্যত পূর্ব মেদিনীপুরকে বিজেপির অভেদ্য দুর্গে পরিণত করেছে। সেখানেই শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠক। যা জেলা নেতৃত্বদের মনোবলকে আরো বাড়িয়ে তুলল।