কলকাতা, নিউজ ডেস্ক: এবার চোরবাগানের পদপিষ্টের ঘটনায় তদন্ত কমিশন গঠনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার নিজেদের পছন্দ অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের চেয়ারম্যান হিসেবে বেছে নিতে পারবে। রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রথমে রাজ্য সরকারের তরফে একজন কর্মরত বিচারপতিকে তদন্ত কমিশনের প্রধান করার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে কোনও কর্মরত বিচারপতিকে এই কমিশনে নিযুক্ত করা সম্ভব নয় বলে পর্যবেক্ষণে জানান প্রধান বিচারপতি। সেই কারণেই অবসরপ্রাপ্ত বিচারপতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে রাজ্যকে।
রাজ্য সরকারের সদিচ্ছার বিষয়টিও শুনানিতে উল্লেখ করেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তাঁর পর্যবেক্ষণ, গত ১৮ অক্টোবরই রাজ্য সরকারের তরফে একজন কর্মরত বিচারপতিকে তদন্ত কমিশনের চেয়ারম্যান করার জন্য চিঠি পাঠানো হয়েছিল। এই পদক্ষেপ থেকেই রাজ্যের সদিচ্ছা স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি। এবার অবসরপ্রাপ্ত বিচারপতি বেছে নিয়ে তদন্ত কমিশন গঠনের পথে এগোতে পারবে রাজ্য সরকার।




