ককরোচ জনতা পার্টির ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক যান চলাচল বিভ্রাট। দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক অ্যাডভাইজরি জারি করে নাগরিকদের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। ফলে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় ব্যারিকেড, যানবাহন তল্লাশি এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ীভাবে রাস্তা বন্ধ রাখা হবে।
শুধু রাস্তা নয়, রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও চত্বরেও যানজটের আশঙ্কার কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ। বিজয় চক, বোট ক্লাব, রেল ভবন, সুনেহরি মসজিদ, প্যাটেল চক, ভগৎ সিং চক, প্রাইম চক, জিআরজি চক এবং জলেবি চক-এ অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে লুটিয়েন্স দিল্লির অফিসপাড়া ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যানজট এড়াতে ট্রাফিক পুলিশ কয়েকটি বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এগুলির মধ্যে রয়েছে জনপথ, মানসিং রোড, আকবর রোড, তিন মূর্তি মার্গ, শান্তি পথ, মৌলানা আবুল কালাম আজাদ রোড, কামাল আতাতুর্ক মার্গ, পঞ্চশীল মার্গ, বিনয় মার্গ, কনট প্লেসের আউটার সার্কেল, বাবা খড়ক সিং মার্গ, রাম মনোহর লোহিয়া রোড, মাদার তেরেসা ক্রিসেন্ট, ১১ মূর্তি এবং সর্দার প্যাটেল মার্গ। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে এবং প্রয়োজন অনুযায়ী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।