নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। বলিউডের তারকা-দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পরিবারে এলো দ্বিতীয় সন্তান। শনিবার, রাধাষ্টমীর দিন দীপিকার কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। সোশাল মিডিয়ায় যৌথ পোস্ট করে এই সুখবরটি জানিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একটি পায়ের ছাপের ছবি পোস্ট করেছেন তারা। সেখান লেখা রয়েছে, ‘ওয়েলকাম বেবি গার্ল।’তার নিচে রণবীর-দীপিকার নামের সঙ্গে রয়েছে তাদের প্রথম কন্যা দুয়ার নামও। এই খবর পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভেসে এসেছে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছা।
কয়েকদিন আগেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন রণবীর এবং দীপিকা। সেখান থেকে পুজো দিয়ে বেরনোর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে জল্পনা তৈরি হয়েছিল যে, হয়তো খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। কারণ, প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও এই তারকা দম্পতি সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন। আজ অর্থাৎ শনিবার বিকেলে সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল।
চলতি বছরের এপ্রিল মাসেই একটি অত্যন্ত মিষ্টি ছবি শেয়ার করে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দীপিকা। ছবিতে দেখা গিয়েছিল, দুয়া তার হাতে প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপ ধরে আছে! মুহূর্তের মধ্যে সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। দিন কয়েক আগেই দুয়ার জন্মদিনে প্রথমবার বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনেছিলেন দীপিকা।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ নভেম্বর ইতালির বিখ্যাত লেক কোমোতে এক স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিংয়ে বাঁধা পড়েছিলেন দীপিকা ও রণবীর। এরপর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রণবীর ও দীপিকার জীবনে এসেছিল তাঁদের প্রথম সন্তান। সেবার তাঁদের কোল আলো করে এসেছিল কন্যাসন্তান। তাঁর নাম রাখা হয়েছিল দুয়া। এবার দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দিলেন তারকা দম্পতি। অর্থাৎ এবার দুয়া পেল তার খেলার সঙ্গী। নতুন সদস্যের আগমনে আনন্দে আবহ তৈরি হয়েছে বলিপাড়ায়।
বলিউডে রণবীর এবং দিপীকা দুজনেই বেশ জনপ্রিয়। বর্তমানে কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দম্পতি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'কিং' ছবিতে দেখা যাবে দীপিকাকে, যেখানে সহ-অভিনেতা হিসেবে থাকছেন শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চন। চলতি বছর ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা। এছাড়াও অ্যাটলি পরিচালিত 'রাকা' ছবিতে দিপীকাকে.দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে। এদিকে, রণবীরের 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' বিশ্বজুড়ে ১৭৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। তাঁকে পরবর্তী জয় মেহতার ছবি ‘প্রলয়’-এ দেখা যাবে।