ভূস্বর্গে কেটেছে দুর্যোগের ঘনঘটা, ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। কিন্তু মঙ্গলবার সেই তীর্থযাত্রার পথেই ঘটল বড় দুর্ঘটনা। তীর্থযাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল জেলায়। ঘটনায় অন্তত ৩৯ জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে গান্ডেরওয়াল জেলার গুন্ড এলাকার হরিগনিওয়ানের এস-মোড়ে। জানা গিয়েছে, বাসটি অমরনাথ দর্শন জেরে ফেরার পথে একটি রাস্তার বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির উপর গিয়ে পড়ে। বাসের ধাক্কায় বাড়ির একাংশ ভেঙে যায়। অল্পের জন্য বাসটি গভীর খাদে পড়ে যায়নি, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩৯ জন আহত হয়েছেন। বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ, নিরাপত্তাবাহিনী ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পরপরই জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, গান্ডেরওয়ালের ডেপুটি কমিশনার এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আহত ৩৯ জন তীর্থযাত্রী বর্তমানে এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।