ইরান-আমেরিকা সংঘাতের আবহে ফের যখন মধ্যপ্রাচ্যে জ্বলে উঠেছে যুদ্ধের আগুন, সেই আবহে সামনে এল এক চাঞ্চল্যকর দাবি। ইজরায়েলের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এই গোয়েন্দা তথ্য ইতিমধ্যেই ওয়াশিংটনকে জানিয়েছে তেল আভিভ। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। পাশাপাশি তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে ইজরায়েলের উদ্বেগ দূর করারও চেষ্টা করেছেন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইজরায়েল সম্প্রতি মার্কিন প্রশাসনের হাতে নতুন গোয়েন্দা তথ্য তুলে দিয়েছে। সেই তথ্য অনুযায়ী, ইরান ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এমন অভিযোগ সত্য প্রমাণিত হলে, ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও তলানিতে পৌঁছতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ।
প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরেই কাসেম সোলেইমানি হত্যার জন্য ট্রাম্পকে দায়ী করে আসছে। ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলেইমানি। এরপর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সংঘাতের আবহে সেই আশঙ্কাই আবার সামনে এসেছে।
এদিকে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরান তাঁকে হত্যা করতে চায় এবং তাঁদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় তাঁর নাম রয়েছে। যদিও এখনও পর্যন্ত তিনি নিরাপদ রয়েছেন বলে জানান ট্রাম্প, তবে এই পরিস্থিতি কতদিন থাকবে তা নিয়ে অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। ইজরায়েলের অভিযোগ, তুরস্ককে এই উন্নত যুদ্ধবিমান দেওয়া হলে মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য নষ্ট হতে পারে। যদিও তুরস্ক এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে ইজরায়েলের নতুন হুঁশিয়ারি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফায় সামরিক অভিযান চালাতে প্রস্তুত ইজরায়েল এবং সেই হামলা আগের তুলনায় আরও শক্তিশালী হবে। একই সুরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও জানিয়েছেন, যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইজরায়েল।