ইডির নজরে এবার প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা কালীঘাট তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষ সুভাশিষ চক্রবর্তী। তৃণমূলের দলীয় তহবিল সংক্রান্ত মামলায় তাকে তলব করেছে ইডি।সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তবে শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি দলের সঙ্গে আলোচনা করবেন এবং হাজিরার জন্য তদন্তকারী সংস্থার কাছে কিছুটা সময় চাইবেন।
ইডির দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেসরকারি বিমান সংস্থা কেয়ারওয়েল অ্যাভিয়েশন-কে কপ্টার ও বিমান কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। পরে সেই বিমান ও কপ্টারই ভাড়ায় ব্যবহার করে দল ফের অর্থ প্রদান করেছে বলে অভিযোগ। এই আর্থিক লেনদেনের মাধ্যমে তহবিল তছরুপের সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ইতিপূর্বেও কেয়ারওয়েল অ্যাভিয়েশনের দুই ডিরেক্টর পবন জাজু ও রমেশ জাজুকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে নথিতে।
একাধারে তৃণমূলের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে ঢাকা প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে ইডি। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বেআইনি। পরবর্তীতে নির্দেশে দৈনন্দিন সাংগঠনিক কাজ ও মামলার খরচের জন্য শর্তসাপেক্ষে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
কিন্তু সেগুলির পরিচালনার দায়িত্ব আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকের হাতে দেওয়া হয়েছে। সম্প্রতি হাইকোর্টে ওই অ্যাকাউন্টগুলি আদালতের নজরদারিতে ব্যবহারের আবেদন জানিয়েছিল কালীঘাট তৃণমূল। তবে বিচারপতি কৃষ্ণ রাও সেই আবেদন খারিজ করেন। এবং এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দলের একাংশের বিদ্রোহ ও দলত্যাগের প্রেক্ষাপটে প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের শিবির থেকেই দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয়েছিল। এই পরিস্থিতিতে শুভাশিস চক্রবর্তীকে ইডির তলব, যা তৃণমূলের অন্দরে নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।