এক বৃদ্ধ মহিলা নাকি চোর। তাও আবার শিশু চোর। তখনও বৃদ্ধার কোলে বসে এক ছোট্ট শিশু। মুহূর্তের মধ্যে কেউ বা কারা রটিয়ে দেয়, বৃদ্ধ ওই মহিলা নাকি ছোট, ছোট বাচ্চা চুরি করছে। আর এই খবর রটতেই বয়স ভুলে তার উপর চড়াও হয় বেশ কয়েকজন।
মঙ্গলবার ঘটনাটি ঘটে হাবরা স্টেশনে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে বলে খবর। ধৃত মহিলার নাম পিঙ্কি শিকদার। এই ঘটনায় আরও কারা যুক্ত তা নিয়ে তদন্ত হচ্ছে। এতটাই মারধর করা হয়েছে যে বৃদ্ধার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগর থুবা শিমুলতলা এলাকার বাসিন্দা সারথি বারুই বিরাটি যাওয়ার জন্য হাবরা স্টেশনে গিয়েছিলেন। নিজের নাতিকে কোলে নিয়ে হাবরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। বৃদ্ধার সঙ্গে একটা ছোট্ট শিশুকে দেখেই মোড় নেয় রহস্য। অভিযোগ উঠেছে, সেই সময়ে কয়েকজন মহিলা আচমকাই রটিয়ে দেন, তার কোলে থাকা শিশুকে চুরি করা হয়েছে। বৃদ্ধার কোনো কথা না শুনেই শুরু হয় অতর্কিত মারধর শুরু হয়। যদিও এই ঘটনার নেপথ্যে কি রয়েছে, কিংবা তার মদতে এই ঘটনা ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সারথি দেবী বারবার জানান, শিশুটি তার মেয়ের ছেলে সম্পর্কে নাতি। কিন্তু তার কোনও কথাই শোনেননি অভিযুক্তরা। অভিযোগ, চুলের মুঠি ধরে তাকে স্টেশনের মধ্যেই বেধড়ক মারধর করা হয়। দাঁড়িয়ে থেকে এই ঘটনা দেখেন অন্যরা।
স্থানীয়দের বক্তব্য, ঘটনার সময়ে এক রেল পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি ওই বৃদ্ধাকে রক্ষা করার জন্য কোনো তৎপরতা দেখাননি বলে অভিযোগ। হামলাকারীদের বাধাও দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে, উপস্থিত কয়েকজন মহিলা ‘শিশু চোর’ তকমা দিয়ে ঘটনার লাইভ সম্প্রচার করেন এবং পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর নেটিজেনদের মধ্যে থেকে একাধিক মন্তব্য আসে। ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন গোটা ঘটনার তদন্তের দাবি জানান। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষজন। এর পরেই রেল পুলিশ ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান এবং পরে তাঁকে আটক করা হয়।
রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, সকলকে চিহ্নিত করার কাজ চলছে। তদন্তের পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ওই নির্যাতিতা মহিলার পরিবার-সহ প্রতিবেশীরাও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চার এই ঘটনা।